শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
ইরানে আপাতত নতুন করে সামরিক হামলার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন বাহিনী সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত থাকলেও নতুন হামলার প্রয়োজন নাও হতে পারে।

ইরানে আপাতত হামলা নয়, আলোচনার ইঙ্গিত দিলেন ট্রাম্প

প্রকাশিত - ০৪ নভেম্বর, ২০২৬   ০৮:০৬ পিএম
webnews24
ছবি : সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: ২৪ঘন্টা অনলাইন : ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির ওপর বিদ্যমান চাপের কৌশলকে সফল মনে করছেন তিনি। তবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে উদ্বেগ কাটেনি ওয়াশিংটনের। এ বিষয়ে তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

৩ নভেম্বর ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান তুলে ধরেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে সাক্ষাৎকারটি দেন তিনি।

ট্রাম্প জানান, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে নতুন করে হামলার প্রয়োজন নাও হতে পারে বলে মনে করছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, সামরিকভাবে যেকোনো পদক্ষেপ নেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। তবে পরিস্থিতি এমন পর্যায়ে রয়েছে, যেখানে নতুন করে হামলার প্রয়োজনীয়তা দেখা নাও দিতে পারে।

ইরানকে ঘিরে ওয়াশিংটনের বর্তমান অবস্থাকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্র যেসব লক্ষ্য অর্জন করতে চেয়েছিল, সেগুলোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সঙ্গে প্রচলিত কোনো যুদ্ধে জড়িত নয়। অতীতে বি-২ বোমারু বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা এবং দেশটির পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি।

তবে সামরিক উত্তেজনা কমানোর ইঙ্গিত দিলেও ইরানের পারমাণবিক উপাদান নিয়ে উদ্বেগের কথা গোপন করেননি মার্কিন প্রেসিডেন্ট।

বিশেষ করে ইরানের কাছে থাকা প্রায় ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন। ট্রাম্পের মতে, আগের মার্কিন হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে ইউরেনিয়ামের বড় একটি অংশ চাপা পড়ে থাকলেও বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য স্বস্তিদায়ক নয়।

তিনি জানান, এই ইউরেনিয়ামের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চলছে। আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের অবস্থান ও এর ভবিষ্যৎ ব্যবস্থাপনা।

ট্রাম্পের বক্তব্যে আপাতত ইরানে নতুন সামরিক অভিযান এড়িয়ে কূটনৈতিক চাপ বজায় রাখার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ এবং আলোচনার অগ্রগতি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে নতুন কোনো মোড় আনে কি না, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।