শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
নভেম্বর মাসের জন্য ১২ কেজি বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগের মাস অক্টোবরে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। ফলে এক মাসের ব্যবধানে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ২২৩ টাকা।

১২ কেজি এলপিজির দাম বাড়ল

প্রকাশিত - ০৩ নভেম্বর, ২০২৬   ১২:৩৪ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারেও বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নভেম্বর মাসের জন্য ১২ কেজি বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগের মাস অক্টোবরে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। ফলে এক মাসের ব্যবধানে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ২২৩ টাকা। ২ নভেম্বর সন্ধ্যায় এলপিজির নতুন দামের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিইআরসি। একই দিন রাত ৮টা থেকে নতুন এ দাম কার্যকর হবে। বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, নভেম্বর মাসের জন্য প্রতি কেজি বেসরকারি এলপিজির দাম ১৭১ টাকা ৬৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে ১২ কেজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ২ হাজার ৬০ টাকা।এর আগে, গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। অর্থাৎ দুই মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে মোট ৪৭৫ টাকা।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামাল প্রোপেন ও বিউটেনের দাম বৃদ্ধির কারণে নভেম্বর মাসে দেশে এলপিজির দাম সমন্বয় করা হয়েছে। সৌদি আরামকো ঘোষিত নভেম্বর মাসের জন্য প্রোপেনের মূল্য প্রতি মেট্রিক টন ৭২০ মার্কিন ডলার এবং বিউটেনের মূল্য ৭৮০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এ দুই উপাদানের মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় গড় সৌদি চুক্তিমূল্য দাঁড়িয়েছে প্রতি মেট্রিক টন ৭৫৯ মার্কিন ডলার। এর সঙ্গে এলপিজি আমদানির জাহাজভাড়া ও ব্যবসায়ীদের প্রিমিয়াম বাবদ প্রতি মেট্রিক টন ২৫০ মার্কিন ডলার এবং প্রতি ডলারের বিনিময় মূল্য ১২৩ টাকা ৪৬ পয়সা বিবেচনায় নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে সৌদি চুক্তিমূল্য প্রতি মেট্রিক টনে গড়ে ৪৬ দশমিক ৫০ মার্কিন ডলার বেড়েছে। এর প্রভাবে মূসকসহ ১২ কেজি বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে প্রায় ৭৪ টাকা। তবে কমিশনের নির্ধারিত নতুন দাম অনুযায়ী আগের মাসের তুলনায় খুচরা পর্যায়ে দাম বেড়েছে ২২৩ টাকা।

এদিকে, সরকারি এলপিজির দামও বাড়ানো হয়েছে। এলপি গ্যাস পিএলসি সরবরাহকৃত ১২ দশমিক ৫০ কেজি সরকারি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৬০ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। এ ছাড়া অটোগ্যাসের দাম প্রতি লিটার ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম প্রতি কেজি ১৬৫ টাকা ৮৫ পয়সা এবং গ্যাসীয় অবস্থায় প্রতি ঘনমিটার ৩৬৮ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। বিইআরসি জানায়, ২৯ অক্টোবর প্রস্তাবকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট পক্ষগুলোর অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়। প্রস্তাব পর্যালোচনা ও বিশ্লেষণ শেষে কমিশন নতুন মূল্যহার নির্ধারণ করেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।