২৪ঘন্টা অনলাইন: র্যাম্প মডেলিং দিয়ে পরিচিতি পাওয়া পিয়া জান্নাতুল অভিনয়ের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত। পেশাগত ব্যস্ততার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত নিজের নানা ভাবনা ও মুহূর্ত ভাগ করে নেন তিনি। সম্প্রতি নিজের চেহারায় ক্লান্তির ছাপ পড়া এবং আগের মতো গ্ল্যামারাস না লাগার বিষয়টি নিয়ে একটি পোস্ট দিয়েছেন পিয়া।
সেখানে তিনি লিখেছেন, ‘অনেকেই আমাকে বলেন, “তোমাকে আজকাল খুব ক্লান্ত লাগে।” সত্যি বলতে, আমাকে ক্লান্তই দেখায়। আগের মতো সব সময় পরিপাটি বা গ্ল্যামারাসও লাগে না। কিন্তু এটা নিয়ে আমার কোনো আফসোস নেই।’
এর কারণও ব্যাখ্যা করেছেন এই তারকা। তার ভাষ্য, ‘কারণ এখন বুঝি, জীবনে সব সময় সুন্দর দেখানো বা নিজেকে পারফেক্টভাবে উপস্থাপন করাটাই সবকিছু নয়। এই ক্লান্ত চেহারার পেছনে আছে অনেক দায়িত্ব, ব্যস্ততা, ছোট ছোট অর্জন, ভালো লাগার মুহূর্ত আর অসংখ্য দোয়া।’
পোস্টের শেষাংশে নিজের প্রাপ্তি ও স্বপ্ন পূরণের কথা তুলে ধরে পিয়া জানান, একসময় যেসব বিষয় কেবল স্বপ্নে দেখতেন, সেগুলোর অনেক কিছুই এখন তার জীবনের অংশ। সবকিছু নিখুঁত না হলেও জীবনে যা পেয়েছেন, তা নিয়েই কৃতজ্ঞ তিনি। পিয়ার এই পোস্টে নেটিজেনদের কেউ কেউ নিজেদের মতামত জানিয়েছেন।
একজন মন্তব্য করেছেন, ‘জীবনে অনেক অর্জন থাকলেও সততার কোনো বিকল্প নেই। এই বয়সেই এত ক্লান্ত হওয়ার যৌক্তিক কারণ আছে, নিশ্চিত? পরিশ্রমী মানুষেরও শরীর ও মন কখনো কখনো অসহায় বোধ করে।’ আরেকজন লিখেছেন, ‘নিজের কাছে নিজে সৎ থাকলে এবং অন্যের ভালো চিন্তা ও ভালো করলে অবশ্যই মনে প্রশান্তি থাকবে এবং চেহারায় ক্লান্তির ছাপ পড়বে না।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।