শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে দীপিকার সঙ্গে রোমান্সে মাতলেন শাহরুখ

প্রকাশিত - ০২ নভেম্বর, ২০২৬   ০১:৫৮ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬১তম জন্মদিন আজ ২ নভেম্বর। আর এই জন্মদিনেই বলিসুন্দরী দীপিকার সঙ্গে রোমান্সে মাতলেন শাখরুখ খান। ‘পাঠান’ তারকার জন্মদিনে ভক্তদের জন্য এলো বড়সড় চমক। তার বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘কিং’-এর রোমান্টিক গান ‘তু মিল জায়ে’ প্রকাশ পেয়েছে মধ্যরাতে। গানটিতে প্রেম-রোমান্স ছাড়াও রয়েছে তুমুল অ্যাকশন আর সাসপেন্স। এরই মধ্যে আলোড়ন তুলেছে গানটি।

গত বছর শাহরুখের ৬০তম জন্মদিনে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছিলেন নির্মাতারা। এবার ভক্তরা টিজার বা ট্রেলারের আশা করলেও নির্মাতারা উপহার দিলেন একটি দুর্দান্ত মিউজিক ভিডিও, যা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের কালজয়ী রোমান্টিক রসায়নকে নতুন করে পর্দায় নিয়ে এসেছে।

প্রকাশ হওয়া গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচি, সঙ্গে যোগ হয়েছে বিশ্বখ্যাত পপ তারকা এড শিরানের অনন্য র‍্যাপ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার ঝলক হিসেবে শুরুতেই শোনা যায় শাহরুখের সেই আইকনিক সংলাপ— ‘মেঁ কাতিল নেহি, আশিক হুঁ, অউর নিশানা মেরি মাশুকা, অউর ও আশিক হি ক্যা জো দিল চির না দে।’

গানের শুরুতে মনোরম লোকেশনে শাহরুখ-দীপিকার প্রেম জমে ওঠে। শাহরুখকে দেখা গেছে চেনা সব চার্ম ও স্টাইলিশ ছোট কালো চুলে, অন্যদিকে দীপিকা বরাবরের মতোই রূপের দ্যুতি ছড়িয়েছেন। তবে শুধু প্রেম নয়, এই গানে লুকিয়ে আছে এক চরম উত্তেজনার গল্প। আন্ডারওয়ার্ল্ড ও চোরাচালানের সঙ্গে জড়িয়ে থাকা শাহরুখের চরিত্রের অন্ধকার দিকটির ইঙ্গিত মিলেছে এখানে।

হঠাৎ করেই রোমান্টিক আবহ বদলে গিয়ে পর্দায় ফুটে ওঠে রক্তক্ষয়ী অ্যাকশন ও সহিংসতার দৃশ্য। সেখানে শাহরুখের সল্ট-অ্যান্ড-পেপার লুক, গায়ে রক্তের দাগ এবং আগুনের পটভূমিতে নির্মম ফাইট সিকোয়েন্স নজর কেড়ে নেয়।

শচীন-জিগরের সুরে সাজানো এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় নির্মিত ‘কিং’ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২৪ ডিসেম্বর। এতে শাহরুখ-দীপিকা ছাড়াও অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং জয়দীপ আহলাওয়াত।

৩৪ বছর আগে এক তরুণ স্ক্রিনে এসেছিলেন ‘কোই না কোই চাহিয়ে, পেয়ার কারনে ওয়ালা…’ গানটি দিয়ে। বয়সের চঞ্চলতা, এলোমেলো চুল, চোখে বড় স্বপ্ন নিয়ে পর্দায় আসার তিন দশক পার করা সেই তরুণ আজ বলিউড বাদশা। শুধু ভারতের নয়, পুরো বিশ্বের কোটি হৃদয়ের রাজপুত্র শাহরুখ খান। ৬১তম জন্মদিনে দাঁড়িয়ে তার রোমান্টিকতা ও জীবনের পাঠ এখনো সিনেমার অঙ্গনে তরুণদের জন্য আদর্শ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।