শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায় দ্রুত বাড়ছে টোকেনভিত্তিক অর্থের ব্যবহার

প্রকাশিত - ২৮ অক্টোবর, ২০২৬   ০১:৩১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বিশ্বজুড়ে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে টোকেনভিত্তিক অর্থের ব্যবহার প্রত্যাশার চেয়ে দ্রুত বাড়ছে। নগদ অর্থ ব্যবস্থাপনা সহজ করা, লেনদেনের দক্ষতা বাড়ানো এবং নতুন বাজারে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যেই প্রতিষ্ঠানগুলো ডিজিটাল অর্থের এ পদ্ধতির দিকে ঝুঁকছে।

সিঙ্গাপুরের ব্যাংক ডিবিএসের এক জরিপে দেখা গেছে, ৮৮ শতাংশ ব্যবসাপ্রতিষ্ঠান টোকেনভিত্তিক অর্থ ব্যবহারের কোনো না কোনো পদ্ধতি চালু করেছে অথবা পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডিবিএসের বৈশ্বিক লেনদেন সেবা বিভাগের প্রধান লিম সুন চং এ তথ্য জানিয়েছেন। জুন ও জুলাই মাসে পরিচালিত জরিপে ১১টি বাজারের ৪২২ জন ব্যবসা ও অর্থ খাতের শীর্ষ কর্মকর্তা অংশ নেন। তাদের প্রতিষ্ঠানগুলোর বার্ষিক আয় ৫০ কোটি ডলারের বেশি।

জরিপে অংশ নেওয়া প্রায় দুই-তৃতীয়াংশ কর্মকর্তা জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠানে বড় পরিসরে টোকেনভিত্তিক অর্থের ব্যবহার চালু হয়েছে। অন্য প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট কিছু এলাকায় এ পদ্ধতি ব্যবহার করছে।

জরিপ অনুযায়ী, টোকেনভিত্তিক অর্থের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে স্টেবলকয়েন বা স্থিতিশীল মুদ্রা। ৬৩ শতাংশ প্রতিষ্ঠান এটি ব্যবহার করছে। এ ছাড়া ৫৩ শতাংশ প্রতিষ্ঠান টোকেনভিত্তিক আমানত এবং ৫২ শতাংশ টোকেনভিত্তিক অর্থবাজার তহবিল ব্যবহার করছে।

স্টেবলকয়েন হলো এমন এক ধরনের ডিজিটাল মুদ্রা, যার মূল্য সাধারণত মার্কিন ডলারের মতো প্রচলিত কোনো মুদ্রার সঙ্গে যুক্ত রাখা হয়। অন্যদিকে, টোকেনভিত্তিক আমানত হলো ব্যাংকে জমা অর্থের ডিজিটাল রূপ, যা টোকেনের মাধ্যমে লেনদেন করা যায়।

লিম সুন চংয়ের মতে, স্টেবলকয়েনের অন্যতম সুবিধা হলো, এটি শুধু ব্যাংকের মাধ্যমেই নয়, অর্থ লেনদেনের বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমেও ব্যবহার করা যায়। ফলে আন্তর্জাতিক লেনদেন ও অর্থ ব্যবস্থাপনায় নতুন সুযোগ তৈরি হচ্ছে।

জরিপে নতুন বাজারে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব এশিয়াকে সবচেয়ে আকর্ষণীয় অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরপর রয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এবং তৃতীয় অবস্থানে ভারত।

এদিকে, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের জরিপে অংশ নেওয়া অর্ধেকের বেশি কর্মকর্তা জানিয়েছেন, আগামী এক থেকে দুই বছরের মধ্যে বাণিজ্যিক লেনদেনে চীনের মুদ্রা রেনমিনবি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছেন তারা।

ডিবিএসের তথ্য অনুযায়ী, রেনমিনবির মূল্য বৃদ্ধি এবং চীনা রপ্তানিকারকদের এ মুদ্রায় লেনদেনে তুলনামূলক আকর্ষণীয় বাণিজ্যিক শর্ত দেওয়ার প্রবণতা এর ব্যবহার বাড়াতে ভূমিকা রাখছে। আন্তর্জাতিক লেনদেনে রেনমিনবির ব্যবহার বাড়াতে চীনা কর্তৃপক্ষও কাজ করছে। ফলে আগামী দিনে বৈশ্বিক বাণিজ্যে ডিজিটাল অর্থের পাশাপাশি বিকল্প মুদ্রায় লেনদেনের গুরুত্ব আরও বাড়তে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।