২৪ঘণ্টা অনলাইন : প্রেক্ষাগৃহে মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে ভালো সাড়া পাচ্ছে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে সিনেমাটির অগ্রিম বুকিং থেকে আয় হয়েছে ১০ কোটি ৫০ লাখ...
২৪ঘণ্টা অনলাইন : প্রেক্ষাগৃহে মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে ভালো সাড়া পাচ্ছে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে সিনেমাটির অগ্রিম বুকিং থেকে আয় হয়েছে ১০ কোটি ৫০ লাখ রুপি। দেশ-বিদেশে ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে।
প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার পর্যন্ত ভারতে প্রায় ১ লাখ ৮৯ হাজার টিকিট বিক্রি হয়েছে। ব্লক করা আসনসহ এই হিসাব এসেছে ৪ হাজার ৪৩৯টি প্রদর্শনী থেকে। সব মিলিয়ে আসন পূরণের হার ১৯ শতাংশ।
ভারতে অগ্রিম বুকিংয়ে সবচেয়ে বেশি আয় এসেছে হিন্দি সংস্করণ থেকে। এ সংস্করণে আয় হয়েছে ৯ কোটি ১৫ লাখ রুপি। কন্নড় সংস্করণ থেকে এসেছে ১ কোটি ৩ লাখ রুপি। তেলুগু সংস্করণের আয় ৩১ লাখ ২৫ হাজার রুপি।
থ্রিডি প্রদর্শনীতেও উল্লেখযোগ্য সাড়া মিলছে। মোট অগ্রিম বুকিংয়ের বড় অংশ এসেছে থ্রিডি সংস্করণ থেকে। এ ছাড়া আইম্যাক্স থ্রিডি প্রদর্শনী থেকে আয় হয়েছে ২ কোটি ৫০ লাখ রুপি। ফোরডিএক্স থ্রিডি সংস্করণ থেকেও টিকিট বিক্রির মাধ্যমে আয় হয়েছে ৪২ লাখ ৪৩ হাজার রুপি।
ভারতের বাইরেও সিনেমাটির অগ্রিম বুকিং ভালো অবস্থানে রয়েছে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, বিদেশে সব প্রদর্শনী মিলিয়ে অগ্রিম বুকিং ১১ লাখ ডলার ছাড়িয়েছে। মুক্তির প্রথম দিনের টিকিট বিক্রি ৬ লাখ ডলার ছাড়িয়েছে। এর মধ্যে উত্তর আমেরিকা থেকে এসেছে প্রায় ৪ লাখ ৭৫ হাজার ডলার। প্রিমিয়ার শো থেকে আয় হয়েছে আনুমানিক ৩ লাখ ৫০ হাজার ডলার।
হিন্দু মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত সিনেমাটি দুই পর্বে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রথম পর্বটি আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা করা হয়েছে ২০২৭ সালের দীপাবলিতে।
সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং হনুমানের চরিত্রে সানি দেওল।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।