শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা

প্রকাশিত - ২২ অক্টোবর, ২০২৬   ০৭:২৫ পিএম
webnews24

দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি হোক বা বলিউড, রাশমিকা মান্দানার ব্যস্ততা ও সাফল্য সবখানেই। গত কয়েক বছরে বক্স অফিসে অন্যতম সফল অভিনেত্রী তিনি। কিন্তু তারপরও সমালোচনার কমতি নেই।

কখনো উচ্চারণের সীমাবদ্ধতা তো কখনো অভিনয়ের ‘দুর্বলতা’ নিয়ে নিন্দার শিকার হন রাশমিকা। একদিকে যেমন তাকে ‘জাতীয় ক্রাশ’ মানেন নেটিজেনদের একাংশ, আবার তার কটাক্ষও করতেও কার্পণ্য করে না আরেক পক্ষ। এসব সমালোচনা নিয়ে এবার খোলাখুলি জবাব দিলেন ‘এনিম্যাল’ অভিনেত্রী।

সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের একটি পর্বে স্বামী ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে অতিথি হয়েছেন রাশমিকা। সেখানেই তার কাছে সমালোচনার ব্যাপারে জানতে চাওয়া হয়।

রাশমিকা বলেন, ‘সিনেমায় কাজ শুরু করার পর থেকেই কোনো না কোনো কারণে আমাকে সমালোচনা বা নিন্দার শিকার হতে হচ্ছে। কখনো আমার অভিনয়, কখনো ভাষা, কখনো উচ্চারণ নিয়ে কথা হয়েছে। কিন্তু আমি কখনোই নিজের জন্য কোনো সীমারেখা টানতে চাইনি। শুধু একটি ইন্ডাস্ট্রিতেই নয়, সব ইন্ডাস্ট্রিতে কাজ করতে চেয়েছি। শুধু একটি ভাষায় কথা বলতে চাইনি, সব ভাষায় কথা বলতে চেয়েছি।’

‘পুষ্পা’ অভিনেত্রী আরো বলেন, “ক্যারিয়ারের শুরু থেকেই আমি নানা ধরনের সিনেমায় কাজ করেছি। তাই এখন যখন ‘এনিম্যাল’ ও ‘দ্য গার্লফ্রেন্ড’-এর মতো দারুণ দুটি সিনেমার অংশ হতে পারি, একজন অভিনেত্রী হিসেবে অনেক তৃপ্তি পাই। কারণ, আমি সব ধরনের চরিত্রেই অভিনয় করতে পারছি। দুইটা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের সিনেমা। অথচ আমি দুটিতেই অভিনয় করেছি। আমি ঠিক এটাই চেয়েছিলাম।”

রাশমিকার হিন্দি উচ্চারণ নিয়েও রয়েছে সমালোচনা। ‘থামা’, ‘ককটেল ২’ কিংবা ‘সিকান্দার’ সব সিনেমায় তার হিন্দি উচ্চারণ নিয়ে সমালোচনা হয়েছে। অধিকাংশের মতে, তার হিন্দি উচ্চারণে দক্ষিণ ভারতীয় টান রয়েছে। এ নিয়ে রাশমিকা বলেন, ‘এটা নিয়ে আমার তেমন কোনো সমস্যা নেই। মানুষ বলে, আমার উচ্চারণে দক্ষিণ ভারতীয় টান রয়েছে। আমি তো দক্ষিণ ভারতেরই মানুষ। আমার কথায় সেই টান থাকবে, এটাই স্বাভাবিক। এর উল্টোটা আশা করাই বরং অযৌক্তিক।’

প্রসঙ্গত, ১৬ অক্টোবর মুক্তি পেয়েছে রাশমিকার নতুন সিনেমা ‘রানাবালি’। বক্স অফিসে অবশ্য সুবিধা করতে পারছে না সিনেমাটি। এতে তার সঙ্গে আছেন বিজয় দেবেরাকোন্ডা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।