শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক

প্রকাশিত - ১২ অক্টোবর, ২০২৬   ১০:৪২ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই অধ্যাপক রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড। নিউ কেইনসীয় অর্থনৈতিক মডেল উন্নয়নে অবদানের জন্য তাদের এ পুরস্কার দেয়া হয়। তাদের গবেষণা অর্থনীতিতে বহিঃস্থ ধাক্কার প্রভাব মোকাবিলা এবং অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকগুলোকে নীতি নির্ধারণে সহায়তা করে। ১২ অক্টোবর  সুইডেনের রাজধানী স্টকহোমে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এ পুরস্কার ঘোষণা করে।এক বিবৃতিতে অ্যাকাডেমি বলেছে, “বিজয়ীরা অর্থনীতির উত্থান-পতন মসৃণ করতে আমাদের সহায়তা করেছেন।”

অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় গবেষণার গুরুত্ব
হল ও উডফোর্ডের গবেষণার মূল গুরুত্ব হলো, অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি- যেমন: মূল্যস্ফীতি, উৎপাদন, ভোগ ও কর্মসংস্থানের ওঠানামা- ব্যাখ্যা করতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা তুলে ধরা। এসব বিষয়কে অর্থনৈতিক মডেলের ভিত্তিতে যুক্ত করার ফলে নীতিনির্ধারকেরা অর্থনীতির সংকট মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার সুযোগ পান। 

নিউ কেইনসীয় অর্থনৈতিক মডেল আধুনিক সামষ্টিক অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি কাঠামো। এ ধরনের মডেলের সাহায্যে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার নির্ধারণ এবং সরকার রাজস্বনীতি প্রণয়নের মাধ্যমে অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি ও অন্যান্য ধাক্কার প্রভাব কীভাবে কমাতে পারে, তা বিশ্লেষণ করা হয়। মাইকেল উডফোর্ডের গবেষণা বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি ও ভবিষ্যৎ নীতিগত সিদ্ধান্ত সম্পর্কে আগাম দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরেছে।

মূল পুরস্কারের অংশ নয় অর্থনীতির নোবেল
অর্থনীতিতে নোবেল পুরস্কারের আনুষ্ঠানিক নাম ‘দ্য সেভেরিগেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল’। আলফ্রেড নোবেলের মূল উইলে এই পুরস্কারের উল্লেখ ছিল না। সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক ১৯৬৮ সালে পুরস্কারটি চালু করে এবং পরের বছর থেকে এটি দেওয়া শুরু হয়। তবে অন্যান্য নোবেল পুরস্কারের মতোই অর্থনীতির এই পুরস্কারও সুইডেনের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের মাধ্যমে ঘোষণা করা হয়। চলতি বছরের পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা। রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড এই অর্থ ভাগ করে নেবেন। সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান, নোবেল প্রাইজ
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।