শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি শাসন জারি

প্রকাশিত - ১১ অক্টোবর, ২০২৬   ১০:১৮ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সরকারবিরোধী বিক্ষোভ এবং দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর সহিংসতার পর ১১অক্টোবর পাকিস্তানের  খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি শাসন জারি করা হয়েছে। দেশটির প্রেসিডেন্টের দপ্তর এ তথ্য জানিয়েছে। ইসলামাবাদ, থেকে এএফপি জানায়,  ইমরান খানের হাজারো সমর্থক খাইবার পাখতুনখোয়া প্রদেশে মিছিল করছেন। তারা তার মুক্তির দাবি জানাচ্ছেন এবং কঠিন অর্থনৈতিক পরিস্থিতির কারণে সরকারবিরোধী সমালোচনা আরও জোরালো হচ্ছে। নিরাপত্তাসংক্রান্ত পাকিস্তানের সংবিধানের দুটি অনুচ্ছেদের আওতায় জারি করা জরুরি ব্যবস্থায় প্রদেশটির ওপর কেন্দ্রীয় সরকারকে ব্যাপক প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারি প্রতিনিধিদলগুলোর সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার বিষয়ে’ সুপারিশ পাওয়ার পর এ আদেশে স্বাক্ষর করেন বলে তার দপ্তর জানিয়েছে। জারদারির দপ্তর প্রকাশিত একটি ছবিতে এ ব্যবস্থা অনুমোদন করে তার স্বাক্ষরের দৃশ্য দেখা গেছে।এর আগে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দপ্তর জানায়, ‘খাইবার পাখতুনখোয়ায় অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে প্রাদেশিক সরকারের ইচ্ছাকৃত উদাসীনতার’ কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খাইবার পাখতুনখোয়া ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শক্ত ঘাঁটি। রোববারের অসাধারণ সাংবিধানিক ব্যবস্থার ফলে সেখানে পিটিআই নেতৃত্বাধীন প্রাদেশিক সরকার কার্যত ক্ষমতার বাইরে চলে যাবে।পিটিআই চেয়ারম্যান গোহর আলী খান এ পদক্ষেপকে ‘অত্যন্ত উদ্বেগজনক ও গুরুতর রাজনৈতিক ভুল এবং একটি অগণতান্ত্রিক ব্যবস্থা’ বলে অভিহিত করেছেন।

এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘মানুষ তাদের অধিকারের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ কখনোই মেনে নেবে না।’
এএফপির এক প্রতিবেদক জানান, রোববার প্রাদেশিক রাজধানী পেশোয়ারে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে দেখা গেছে। প্রদেশটির অন্যান্য শহরের সড়কও বন্ধ ছিল। সরকারের সঙ্গে আলোচনা ভেঙে যাওয়ার পর এক সপ্তাহ আগে খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন শহর ও জনপদের মধ্যে ‘লং মার্চ’ কর্মসূচি শুরু করেন পিটিআই সমর্থকেরা।

আলোচনায় অচলাবস্থা

একসময় ব্যাপক জনপ্রিয় ক্রিকেট তারকা ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন। ওই বছরের মে মাসে সরকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাপক দাঙ্গার পর দুর্নীতি থেকে রাষ্ট্রদ্রোহ ও সহিংসতায় উসকানি দেওয়া পর্যন্ত নানা অভিযোগে তার বিরুদ্ধে কয়েক ডজন মামলা রয়েছে।

ইমরান খান ও তার আইনজীবীরা অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, তার জনপ্রিয়তা খর্ব করার উদ্দেশ্যে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এসব মামলা করা হয়েছে। বিরোধীদের শক্তি প্রদর্শনমূলক কর্মসূচি এড়াতে সরকার চেষ্টা করেছিল। তবে পিটিআইয়ের দাবিদাওয়া নিয়ে আলোচনার ক্ষেত্রে দলটির শাসনাধীন খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের বিষয়ে সমঝোতাকে শর্ত হিসেবে যুক্ত করেছিল সরকার।

বিক্ষোভকারীদের দাবির মধ্যে ছিল, ইমরান খানকে তার চিকিৎসকদের সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে। ৪ অক্টোবর আলোচনা ভেঙে পড়ার পরই বিক্ষোভ শুরু হয়।এদিকে নিরাপত্তার আরেকটি চ্যালেঞ্জের ক্ষেত্রে পাকিস্তান অভিযোগ করেছে, আফগানিস্তান থেকে ছড়িয়ে পড়া সশস্ত্র তৎপরতার কারণে খাইবার পাখতুনখোয়া এবং দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশে হামলা বেড়েছে।

কাবুলের তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করেছে। একই সঙ্গে আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং বেসামরিক মানুষ হত্যার জন্য পাকিস্তানের সমালোচনা করেছে। এসব পাল্টাপাল্টি অভিযোগে প্রতিবেশী দুই দেশের মধ্যে তীব্র বিরোধ ও সশস্ত্র সংঘাতের সৃষ্টি হয়েছে। ফেব্রুয়ারিতে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়। মার্চে যুদ্ধবিরতি হলেও স্থায়ী নিরাপত্তা সমাধানে পৌঁছানো যায়নি। এরপর থেকে দুই দেশের মধ্যে বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটেছে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।