শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরানপন্থীদের বিক্ষোভ ঠেকাতে পাকিস্তান সরকারের আলোচনায় ‘অচলাবস্থা’

প্রকাশিত - ০৪ অক্টোবর, ২০২৬   ১১:৩৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন  : কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের বড় ধরনের বিক্ষোভ এড়াতে পাকিস্তান সরকার ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মধ্যে আলোচনা রোববার অচলাবস্থায় পৌঁছেছে। এ অবস্থায় ইমরানের সমর্থকরা তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

ইসলামাবাদে সম্ভাব্য বিক্ষোভকারীদের আগমন ঠেকাতে কর্তৃপক্ষ কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছে। ইমরানের দল পিটিআইয়ের সমর্থকদের পরিকল্পিত মিছিল প্রথমে ২৭ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে রোববারের জন্য নির্ধারণ করা হয়।
ইসলামাবাদ থেকে এএফপি জানায়, পিটিআই-শাসিত খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি রোববার ভোরে এক্সে দেওয়া এক পোস্টে জানান, ইমরানের সমর্থনে ‘লং মার্চ’ অনুষ্ঠিত হবে।

ইমরানকে কারাগারে রাখার ঘটনায় সাম্প্রতিক মাসগুলোতে অসন্তোষ বেড়েছে। বিশেষ করে ৭৩ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা এবং তার সঙ্গে চিকিৎসক ও পরিবারের সদস্যদের সাক্ষাতের সুযোগ নিয়ে ক্ষোভ বাড়ছে।পিটিআই ইমরানের তিন বোনের মুক্তির দাবিও জানিয়েছে। গত মাসে তাদের গ্রেপ্তার পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

বিরোধী রাজনীতিক আল্লামা রাজা নাসির আব্বাস জানান, সরকার ও পিটিআই প্রতিনিধিদের মধ্যে শেষ মুহূর্তের আলোচনা ‘অচলাবস্থায়’ পৌঁছেছে। জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও টিভিকে আব্বাস বলেন, ইমরানের চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়াসহ বিভিন্ন দাবিতে আলোচনাকারীরা সমঝোতায় পৌঁছাতে পারেননি।

জনপ্রিয় সাবেক ক্রিকেট তারকা ইমরান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২৩ সালের মে মাসে দেশজুড়ে সরকারবিরোধী সহিংস বিক্ষোভের পর দুর্নীতি থেকে রাষ্ট্রদ্রোহ ও সহিংসতায় উসকানি দেওয়াসহ তার বিরুদ্ধে কয়েক ডজন অভিযোগ আনা হয়েছে। ইমরান ও তার আইনজীবীরা এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। তাদের দাবি, তার জনপ্রিয়তা নিষ্ক্রিয় করার উদ্দেশ্যেই রাজনৈতিকভাবে প্রভাবিত এসব মামলা করা হয়েছে।

আফ্রিদি জানান, রোববার খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে বিক্ষোভ শুরু হয়ে বৃহস্পতিবার ইসলামাবাদ থেকে ৮০ কিলোমিটার (৫০ মাইল) পশ্চিমে খাইরাবাদে পৌঁছানোর কথা রয়েছে। এর পরের কর্মসূচি খাইরাবাদে ঘোষণা করা হবে বলে প্রাদেশিক মুখ্যমন্ত্রী জানান। তবে বিক্ষোভকারীরা কবে পাকিস্তানের রাজধানীতে পৌঁছাতে পারেন, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেননি।

বিক্ষোভের প্রস্তুতি হিসেবে ইসলামাবাদের প্রধান প্রবেশপথগুলোতে কর্তৃপক্ষ একটির ওপর আরেকটি করে মালবাহী কনটেইনার রেখে সড়ক অবরুদ্ধ করেছে। এতে যান চলাচল ও গণপরিবহন ব্যাহত হচ্ছে। আগস্টে সুপ্রিম কোর্ট ইমরানকে চিকিৎসার জন্য বেসামরিক হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। তবে সেখানে অল্প সময় থাকার পর কর্তৃপক্ষ তাকে আবার কারাগারে পাঠিয়ে দেয়।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।