২৪ঘণ্টা অনলাইন : ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘বান্টি অর বাবলি’ সিনেমার ‘কাজরা রে’ গানটি এখনো দর্শকদের কাছে জনপ্রিয়। গানটিতে একসঙ্গে দেখা গিয়েছিল অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই ও অমিতাভ বচ্চনকে। ২১ বছর পরও গানটির জনপ্রিয়তা অটুট।
সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে ‘কাজরা রে ২.০’ সংস্করণে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন অভিষেক বচ্চন। তিনি বলেন, আমি অবশ্যই করতে চাই। তবে এর জন্য ঐশ্বরিয়া ও আমার বাবাকে রাজি করাতে হবে। ‘কাজরা রে’-এর শুটিংয়ের স্মৃতিও শেয়ার করেন অভিষেক। তিনি জানান, গানটির শুটিং ছিল আনন্দে ভরা। শুটিংয়ের সময়ই তার জন্মদিন উদযাপন করা হয়েছিল।
অভিষেক বলেন, পরিচালক শাদ আলী সেটে প্রায় চার ঘণ্টা গানটি বাজিয়ে সবাইকে নাচতে দেন। সেই আনন্দের মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করে পরে গানটির ভিডিওতে ব্যবহার করা হয়। তার মতে, ‘কাজরা রে’ এখন ‘কাল্ট’ মর্যাদা পেয়েছে এবং গানটির শুটিং তার জন্য দারুণ এক স্মৃতি।
সিনেমাটিতে অভিষেক ও রানি মুখার্জি দুই প্রতারকের চরিত্রে অভিনয় করেন। তাদের পিছু নেয়া পুলিশ কর্মকর্তার ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন। গানটির সুর করেছেন শঙ্কর-এহসান-লয়। এতে কণ্ঠ দিয়েছেন অলিশা চিনাই, শঙ্কর মহাদেবন ও জাভেদ আলী। গানটির নৃত্য পরিচালনা করেছেন বৈভবী মার্চেন্ট।
সূত্র: এনডিটিভি
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।