শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে মুক্তি পেতে চলেছে কঙ্গনা’র ইমার্জেন্সি 

প্রকাশিত - ২১ আগস্ট, ২০২৪   ০৭:২৭ পিএম
webnews24

প্রভাত বিনোদন  : অবশেষে মুক্তি পেতে চলেছে ইমার্জেন্সি ছবিটি। কঙ্গনা রনৌত অভিনীত, পরিচালিত ও প্রযোজিত এই ছবির মুক্তি নানা কারণে বারবার পিছিয়েছে। সদ্য ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে কঙ্গনা তাঁর স্বপ্নের এই প্রকল্পকে ঘিরে নানা কথা বলেন। মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইমার্জেন্সি’র ট্রেলার। এদিনের অনুষ্ঠানে কঙ্গনা ছাড়া উপস্থিত ছিলেন অনুপম খের, শ্রেয়স তালপাড়ে, মহিমা চৌধুরী। কঙ্গনা এখন শুধু অভিনেত্রী নন। কিছুদিন আগেই রাজনীতির আঙিনায় পা রেখেছেন তিনি। তিনি এখন ভারতের ক্ষমতাসীন বিজেপির সংসদ সদস্য। রাজনীতিতে আসার পর এই প্রথম তাঁর ছবি মুক্তি পেতে চলেছে। ইমার্জেন্সি ছবিতে গণতান্ত্রিক ভারতের এক অন্ধকার অধ্যায়কে তুলে ধরতে চলেছেন কঙ্গনা। ১৯৭৫ সালের জুন মাসে ভারতে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই প্রেক্ষাপট নিয়েই তৈরি হয়েছে ছবিটি। ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা। টিজারেই ইন্দিরা গান্ধীর রূপে ভক্তদের চমকে দিয়েছিলেন অভিনেত্রী। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন কঙ্গনা।
তিনি বলেন, আমার জন্য আজকের দিনটি বিশেষ কিছু। ছবিটি নির্মাণ করতে গিয়ে অনেক ঝড়ঝাপটার মুখোমুখি হয়েছি। শুটিংয়ের সময় অনেক কিছু ঘটেছে, যা আমাকে কষ্ট দিয়েছে। সবাই জানেন, ইন্ডাস্ট্রি আমাকে পুরোপুরি বর্জন করেছে। কেউ পাশে দাঁড়াননি। কিন্তু ছবিতে যেসব শিল্পীকে দেখছেন, তাঁরা কেউই আমাকে ছাড়েননি।
অনেক আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনীতি নিয়ে সরব কঙ্গনা। এদিন কথায় কথায় তিনি জানান, ইমার্জেন্সি সিনেমাটি খুবই তথ্যবহুল হতে চলেছে। একই সঙ্গে তিনি বিনোদনের সব মসলাও মজুত রেখেছেন।
সিনেমাটিতে অনুপম খেরকে জয়প্রকাশ নারায়ণের ভূমিকায় দেখা যাবে। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে অনুপম খের বলেন, ‘কঙ্গনার থেকে যে কেউ প্রেরণা নিতে পারেন। ভারতে যখন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল, আমি তখন নাটকের স্কুলে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলাম। তাই ছবিটি আমার জন্য একটু ব্যক্তিগতও বটে।
ট্রেলার মুক্তির অনুষ্ঠানে কঙ্গনাকে প্রশ্ন করা হয়, বলিউডের তিন খান শাহরুখ, সালমান ও আমিরকে নিয়ে তিনি ছবি নির্মাণ করতে চাইবেন কি না?
জবাবে অভিনেত্রী বলেন, আমি নিশ্চয়ই তাঁদের নিয়ে কাজ করতে চাই। ছবিটি প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করতে চাই। তাঁরা দারুণ অভিনেতা কিন্তু খুব কম ছবিতে তাঁদের অভিনয়প্রতিভাকে ব্যবহার করা হয়েছে। তিন খানকে নিয়ে এমন ছবি নির্মাণ করতে চাইব, যা সমাজের জন্য অত্যন্ত জরুরি। এদিন আলাপে আলাপে কঙ্গনা প্রয়াত অভিনেতা ইরফান খানের প্রসঙ্গ টেনে আনেন। তিনি আফসোসের সঙ্গে বলেন, খানেদের মধ্যে ইরফান খান ছিলেন আমার সবচেয়ে পছন্দের। কিন্তু আফসোস, তাঁকে নিয়ে আর ছবি করতে পারব না। ইমার্জেন্সি ছবিটি আগামী ৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।