প্রভাত সংবাদদাতা, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন একটি কারখানার শ্রমিকেরা। গতকাল বুধবার সকাল ৮টা থেকে টঙ্গীর চেরাগআলী এলাকায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড’ কারখানা সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে সেখানে তীব্র যানজট দেখা দিয়েছে। সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে দুজন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় ১৩ আগস্ট রাতে পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। বর্তমানে তিনি কারাগারে।
পুলিশ ও কারখানাটির শ্রমিকদের সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে বেতন-ভাতা ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছিল। এ নিয়ে একাধিকবার কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে নিজেদের দাবির কথা জানিয়েছেন, কিন্তু কোনো প্রতিকার মেলেনি। এসব কারণে আজ সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন প্রায় দেড় হাজার শ্রমিক। এ সময় তাঁদের পক্ষ থেকে ছয়টি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তাঁরা।
দাবিগুলো হলো কোনো শ্রমিক চাকরিতে যোগদানের পর পাঁচ বছর পূর্ণ হলে তাঁকে চাকরিতে স্থায়ী করতে হবে; কারখানায় খাবারের বৈষম্য দূর করতে হবে; শ্রমিকেরা প্রতিষ্ঠানের অধীনে থাকতে চান, তৃতীয় পক্ষ তথা কোনো কনট্রাক্টর (চুক্তির) অধীনে থাকতে চান না; প্রতি দুই বছর পরপর যে ডিমান্ড হয়, তা সর্বনি¤œ ৩০% বৃদ্ধি করতে হবে; যাঁদের চাকরির বয়স ৩৫ পূর্ণ হয়েছে, অবসরের সময় তাঁদের সর্বনি¤œ সম্মানী ভাতা দিতে হবে এবং বিক্ষোভ বা আন্দোলনকে কেন্দ্র করে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। দুপুর ১২টায় প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকেরা সড়কে অবস্থান করছিলেন। দাবি আদায়ে বিক্ষোভ ও স্লোগান দিচ্ছেন তাঁরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের সহকারী পুলিশ সুপার মো.মোশারফ হোসেন বলেন, আমরা তাঁদের বুঝিয়ে শান্ত রাখার চেষ্টা করছি। পাশাপাশি মহাসড়কে যেন যেতে না পারেন, সেদিক খেয়াল রাখছি। মূলত দীর্ঘদিনের বৈষম্যের ক্ষোভ থেকে ছয় দফা নিয়ে শ্রমিকেরা রাস্তায় নেমেছেন। আমরা এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।