২৪ঘণ্টা অনলাইন : পোকেমন ফ্র্যাঞ্চাইজির ৩০ বছর পূর্তি ঘিরে এবার ভক্ত ও সংগ্রাহকদের জন্য বিশেষ চমক নিয়ে আসছে পিকাচু। আসন্ন ‘পোকেমন টিসিজি: ৩০তম সেলিব্রেশন’ এক্সপ্যানশনে জনপ্রিয় এই মাসকটকে দেখা যাবে ৩০টি ভিন্ন রেয়ার কার্ডে। এর মধ্যে বিশেষভাবে নজর কাড়ছে দিন ও রাতের আলাদা থিমে তৈরি ‘পিকাচু এক্স’ কার্ড।
৩০তম বার্ষিকী উপলক্ষে ‘আল্ট্রা-প্রিমিয়াম কালেকশন’-এ পিকাচু এক্সের দুটি আলাদা সংস্করণ রাখা হয়েছে। একটি দিনের উজ্জ্বল আবহে, অন্যটি রাতের অন্ধকার থিমে। ফলে সংগ্রাহকদের সামনে থাকছে আলো ও অন্ধকার-দুই ভিন্ন আবহে পিকাচুকে সংগ্রহের সুযোগ। কার্ড দুটির নকশায় রয়েছে জাপানের খ্যাতনামা শিল্পী ইয়োশিরোটেনের কাজ। ধাতব টেক্সচার, উজ্জ্বল আলোর ব্যবহার এবং বিভিন্ন গ্রাফিক উপাদানের সমন্বয়ে কার্ডগুলোতে আধুনিক ও ভবিষ্যৎধর্মী নকশা ফুটিয়ে তোলা হয়েছে।
শুধু পিকাচুতেই অবশ্য থামছে না এই বিশেষ আয়োজন। ‘ডে’ কালেকশনে থাকছে এসপিওন এক্স, আর ‘নাইট’ কালেকশনে রাখা হয়েছে আমব্রেওন এক্স। ফলে সম্পূর্ণ সেট সংগ্রহ করতে চাইলে ভক্তদের দুই সংস্করণই সংগ্রহ করতে হবে। প্রতিষ্ঠানটির ঘোষণা অনুযায়ী, বিশ্বব্যাপী আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ ‘৩০তম সেলিব্রেশন’ সেটটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে।
তিন দশক ধরে পোকেমন ফ্র্যাঞ্চাইজির অন্যতম পরিচিত মুখ পিকাচু। এবার তার পরিচিত চেহারাকেই দিন-রাতের দুই ভিন্ন নান্দনিকতায় হাজির করা হচ্ছে। ফলে ৩০তম বার্ষিকীর এই বিশেষ আয়োজনটি পোকেমনপ্রেমী ও সংগ্রাহকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।