শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববাজারে বাড়ল সোনা-রুপার দাম

প্রকাশিত - ১৬ সেপ্টেম্বর, ২০২৬   ১১:৪৮ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে। ডলারের দর কমে আসা এবং তেলের দাম কিছুটা কমার মধ্যে বুধবার (১৬ সেপ্টেম্বর) সোনার দাম বাড়ে। তবে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের দিকে। খবর রয়টার্স

১৬ সেপ্টেম্বর স্পট গোল্ডের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩২৪ দশমিক ৩৬ ডলারে দাঁড়ায়। এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) সোনার দাম এক মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৬৫ ডলারে উঠেছে।

জেফরিজের মালিকানাধীন ট্রাডুর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস তজাবোরাস বলেন, ডলারের শক্তি কমে আসা, তেলের দামে কিছুটা স্থিতি এবং মার্কিন বন্ডের সুদের হার কমে যাওয়ায় সোনার দাম বেড়েছে।

তবে স্বল্পমেয়াদে সোনার দামের প্রবণতা নিম্নমুখী রয়েছে বলে মনে করেন তিনি। তার মতে, ফেডের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তই সোনার পরবর্তী গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোনাকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষার মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়।
তবে সুদের হার বাড়লে কোনো সুদ বা আয় দেয় না এমন সোনা ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়। ফলে উচ্চ সুদের হার সাধারণত সোনার দামের ওপর চাপ তৈরি করে।

তজাবোরাস বলেন, সরবরাহব্যবস্থায় বিঘ্নের কারণে অপরিশোধিত তেল ও ভোক্তা পর্যায়ের দাম বেশি থাকলে মুদ্রানীতি আরো কঠোর করার চাপ থাকবে। এতে সোনার দামের ওপর চাপ পড়তে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বাড়ায় ডলারের ওপর আস্থা কমছে।

এতে বিনিয়োগকারীদের মধ্যে সোনার মতো বাস্তব সম্পদে বিনিয়োগের প্রবণতা বাড়ছে। এদিকে এ সপ্তাহে আরো কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত জানাবে। শুক্রবার ব্যাংক অব জাপান সুদের হার বাড়িয়ে ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিতে পারে। পাশাপাশি ভবিষ্যতে ঋণের ব্যয় আরো বাড়ানোর ইঙ্গিত দিতে পারে।

ভূরাজনৈতিক উত্তেজনাও সোনার বাজারে প্রভাব ফেলছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের এক মুখপাত্র জানিয়েছেন, মক্কার দক্ষিণে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একটি হুতি ড্রোন ধ্বংস করেছে। ড্রোনটি পবিত্র নগরী মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ৩০ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম ০ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৭৭১ দশমিক ৬৫ ডলার হয়েছে। আর প্যালাডিয়ামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩০৪ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের দাম পড়ছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এ ছাড়া ​২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম এক লাখ ৯১ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।