২৪ঘণ্টা অনলাইন : নতুন প্রযোজনা ‘কালযাত্রা’ নিয়ে মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিক। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। পরের দিন একই হলে একই সময়ে দ্বিতীয় প্রদর্শনী হবে। এটি থিয়েটার চারণিকের ৬ষ্ঠ প্রযোজনা।
নাটকটি রচনা করেছেন মাহফুজা হিলালী। নির্দেশনায় রয়েছেন শামীম সাগর। একজন নারী যাত্রাশিল্পীর জীবন, শিল্পীর সামাজিক অবস্থান, ধর্মীয় ও সামাজিক নিষেধ এবং মানবিক মর্যাদার প্রশ্নকে কেন্দ্র করে গড়ে উঠেছে নাটকটির গল্প।
নাটকের কেন্দ্রে রয়েছেন—একসময়ের খ্যাতনামা যাত্রাশিল্পী প্রিন্সেস মহিমা। মঞ্চে সে কখনো সীতা, কখনো দ্রৌপদী, কখনো বেহুলা। সময় বদলে যায়, বদলায় পালা ও তার চরিত্র। কিন্তু তার জীবনের কিছু ক্ষত, অপমান আর না পাওয়ার গল্প বদলায়নি।
প্রিন্সেস মহিমার শেষ ইচ্ছা ছিল—জানাজা। কিন্তু মৃত্যুর পর শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে তার মেয়ে কুমকুম সামাজিক ও ধর্মীয় নানা বাধার মুখোমুখি হয়। মায়ের স্মৃতি, যাত্রার মঞ্চ এবং বর্তমান বাস্তবতা মিলেমিশে তৈরি করে এক প্রতীকী ‘কালযাত্রা’। ‘কালযাত্রা’ দর্শকের সামনে প্রশ্ন রাখে—কোনটি ধর্ম, কোনটি অধর্ম আর কোনটি মানবতা?
নাটকটিতে একক অভিনয় করবেন সাফিয়া খন্দকার রেখা। নাটকটির মঞ্চ, আলো, পোশাক, আবহসংগীত, কোরিওগ্রাফি করেছেন শামীম সাগর।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।