শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব যুব উৎসবে সংস্কৃতি, প্রযুক্তি ও সহযোগিতার নানা আয়োজন

প্রকাশিত - ১৫ সেপ্টেম্বর, ২০২৬   ০১:১৬ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : রাশিয়ার ইকাতেরিনবার্গে চলমান আন্তর্জাতিক যুব উৎসব–২০২৬-এর চতুর্থ দিনে সোমবার (১৪ সেপ্টেম্বর) নানা আয়োজনে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধিরা। বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি, ইতিহাস, ডিজিটাল ভবিষ্যৎ ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে দিনভর বিভিন্ন অধিবেশন, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সকালে এনার্জি স্টেডিয়ামে ওয়েলনেস প্রোগ্রামের মধ্য দিয়ে দিনের আয়োজন শুরু হয়। এরপর ওয়ার্ল্ড কালচার ডিস্ট্রিক্টে বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এশিয়া ম্যাক্রোরিজিয়নে ছিল এশিয়ান হাউস কনসার্ট। আফ্রিকা অঞ্চলে ঐতিহ্যবাহী নৃত্য ও আচার পরিবেশন করা হয় আফ্রিকান ঢোলের তালে।

ইউরোপ অঞ্চলে অনুষ্ঠিত হয় ‘রাশিয়ার জনগণের ঐক্য’ নৃত্য প্রতিযোগিতা। মধ্যপ্রাচ্য অঞ্চলে ছিল ‘আশার কাফেলা’ শোভাযাত্রা ও পূর্বাঞ্চলীয় বাজার। আমেরিকা অঞ্চলে হয় ব্রাজিলীয় ড্রাম অনুশীলন।

সকাল ১১টায় চাইকোভস্কি কনসার্ট হলে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী দিমিত্রি চেরনিশেঙ্কো ‘রাশিয়া–সৃষ্টিশীলদের জন্মভূমি : মহান ঐতিহ্য থেকে প্রযুক্তিগত নেতৃত্ব পর্যন্ত’ শীর্ষক বক্তৃতা দেন।

একই সময়ে ‘টেস্টস অব দ্য ওয়ার্ল্ড’ গ্যাস্ট্রো স্পেসে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ডাম্পলিং তৈরির কর্মশালা। সেখানে চীনের জিয়াওজি ও ওয়ানটন, বুরিয়াত বুজি, কোরিয়ান পেলমেনি, দাগেস্তানের কুরজে এবং মারি জাতির পোদকোগিলি তৈরির অভিজ্ঞতা নেন অংশগ্রহণকারীরা।
দুপুর সাড়ে ১২টায় মিডিয়া সেন্টারে ইরানের ক্রীড়া ও যুববিষয়ক উপমন্ত্রী আলিরেজা রহিমির রাশিয়া ও ইরানের মধ্যে মানবিক সম্পর্ক জোরদারে যুবসমাজের ভূমিকা নিয়ে ব্রিফিং করার কথা ছিল। তবে শেষ পর্যন্ত সেটি অনুষ্ঠিত হয়নি।

এদিন বিশ্ব যুব উৎসবের সাইপ্রাস কমিটি ও নভগোরদ অঞ্চল যুব নীতি কমিটির মধ্যে সহযোগিতা ও সমঝোতা স্মারক সই হয়।

এতে সাইপ্রাস কমিটির চেয়ারম্যান ভ্লাদিমিরোস গোরিন ও নভগোরদ অঞ্চল যুব নীতি কমিটির চেয়ারম্যান ইরিনা চাদিনা অংশ নেন। পরে মরক্কো কমিটি ও নভগোরদ অঞ্চল যুব নীতি কমিটির মধ্যেও সহযোগিতা স্মারক সই হয়।

দুপুরের পর উৎসবের বিভিন্ন লেকচার হলে ইতিহাস, শিল্প ও ডিজিটাল ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। ‘পোবেদা ৯/৪৫-এর কোড: ঐতিহাসিক সত্যের রক্ষক হিসেবে যুবসমাজ’ শীর্ষক আলোচনায় অংশ নেন রাশিয়ার স্টেট ডুমার ডেপুটি চেয়ারম্যান বরিস চেরনিশভ ও রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের গবেষক কনস্টান্টিন ব্লোখিন। ‘রাশিয়ান রাষ্ট্রের উদ্ভব’ শীর্ষক বক্তৃতা দেন স্টেট ডুমার রাষ্ট্র গঠন ও আইনবিষয়ক কমিটির চেয়ারম্যান পাভেল ক্রাশেনিন্নিকভ।

‘শিল্প সব প্রতিকূলতার মাঝেও: আন্তঃসাংস্কৃতিক প্রকল্প’ শীর্ষক আলোচনায় অংশ নেন সার্বিয়ার অভিনেতা ও প্রযোজক আলেকজান্ডার রাদোজিচিচ, রুশ গায়িকা তাতিয়ানা কুরতুকোভা এবং মারিয়িনস্কি থিয়েটারের কন্ডাক্টর ক্রিশ্চিয়ান ন্যাপসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ডিজিটাল কনটেন্ট ও নতুন মিডিয়া নিয়েও ছিল আলোচনা। ‘ব্লগিং থেকে ব্যবসা’ শীর্ষক আয়োজনে ভিকে ভিডিও, ভিকনতাকতে ও সৃজনশীল খাতের প্রতিনিধিরা অংশ নেন।

বিকেল ৩টা ৪৫ মিনিটে এনার্জি স্টেডিয়াম থেকে শুরু হয় বিশ্ব যুব প্যারেড। এতে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধিরা অংশ নেন। রুশ ঐতিহ্যের বৃত্তাকার নৃত্য ‘খোরোভোদ’ ছিল প্যারেডের অন্যতম আকর্ষণ। শোভাযাত্রাটি শেষ হয় তাভরিদা.আর্ট ইয়াং আর্ট স্কয়ারে।

বিকেল ৪টা ৪৫ মিনিটে ইয়াশিন লেকচার হলে দক্ষিণ কোরিয়ার অর্থনীতিবিদ ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী রে কোয়ান চুংয়ের সঙ্গে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। ‘এআই ও জলবায়ু সংকটের যুগে ক্যারিয়ার উন্নয়ন কৌশল’ ছিল আলোচনার বিষয়।

একই সময়ে গাগারিন লেকচার হলে ‘ব্লগিং থেকে ব্যবসা: কীভাবে নির্মাতারা নিজেদের মিডিয়া ইকোসিস্টেম তৈরি করেন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ভিকে ভিডিওর কনটেন্ট প্রধান মিত্যা লিওভিন, ভিকনতাকতের মার্কেটিং পরিচালক নিকিতা নিচকালুক এবং অভিনেতা ও শোম্যান আরসেনি পপভ অংশ নেন।

সন্ধ্যা ৫টায় চাইকোভস্কি কনসার্ট হলে অনুষ্ঠিত হয় ‘শুধু রাশিয়াতেই: গতিশীল এক বিশ্ব’ শো। এতে ‘মুভমেন্ট অব দ্য ফার্স্ট’-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আর্তুর অরলভসহ জনপ্রিয় শিল্পীরা অংশ নেন। রাত ৯টায় তাভরিদা.আর্ট ইয়াং আর্ট স্কয়ারে অনুষ্ঠিত হয় ‘দ্য চ্যালেঞ্জ’ সংগীত অনুষ্ঠান। এতে উমা২আরমান, সের্গেই ববুনেতস, সের্গেই নিখায়েঙ্কোসহ বিভিন্ন শিল্পী ও সংগঠনের পারফর্ম করার কথা রয়েছে।‘ফলো ইওর ড্রিম’ প্রতিপাদ্যে আয়োজিত আন্তর্জাতিক যুব উৎসব-২০২৬ চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবে ১৯১ দেশের প্রায় ১০ হাজার তরুণ প্রতিনিধি অংশ নিচ্ছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।