শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য বাড়াতে বাংলাদেশে চীনা ব্যাংকের শাখা খোলার প্রস্তাব বিসিসিসিআইয়ের

প্রকাশিত - ১১ সেপ্টেম্বর, ২০২৬   ১২:৫৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে দেশে একটি চীনা ব্যাংকের শাখা খোলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)।

১০ সেপ্টেম্বর  বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বিসিসিসিআই সভাপতি মো. খোরশেদ আলমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ প্রস্তাব দেয়। বৈঠকে বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ছয় দফা লিখিত প্রস্তাব বাণিজ্যসচিবের কাছে হস্তান্তর করে প্রতিনিধিদলটি।

বৈঠক শেষে বিসিসিসিআই সভাপতি খোরশেদ আলম বলেন, ‘চীনা ব্যাংকগুলো বাংলাদেশে শাখা খুলতে অত্যন্ত আগ্রহী। বিষয়টি সহজতর করতে কুনমিং সফরের সময় একটি চীনা ব্যাংকের সঙ্গে আমরা সমঝোতা স্মারকও (এমওইউ) সই করেছি। তবে অজ্ঞাত কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিক থেকে প্রক্রিয়াটি খুব ধীরগতিতে এগোচ্ছে।’

তিনি বলেন, ‘চীনের তুলনামূলক ছোট বাণিজ্য অংশীদার হওয়া সত্ত্বেও শ্রীলঙ্কায় চীনা ব্যাংকের শাখা রয়েছে। অথচ বাংলাদেশে এখনো কোনো চীনা ব্যাংকের শাখা নেই।’ বিসিসিসিআই জানিয়েছে, চীন বাংলাদেশের সবচেয়ে বড় একক বাণিজ্য অংশীদার। ২০২৫-২৬ অর্থবছরে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

বৈঠকে বন্ডেড ওয়্যারহাউজ সুবিধার অপব্যবহারের বিষয়টিও তুলে ধরে সংগঠনটি। বিসিসিসিআইয়ের দাবি, বন্ড সুবিধায় আনা পণ্য অননুমোদিতভাবে দেশের অভ্যন্তরীণ বাজারে বিক্রি হওয়ায় অসৎ প্রতিযোগিতা তৈরি হচ্ছে। এতে চীনা বিনিয়োগকারীসহ সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হতে পারেন।

এ ধরনের অনিয়ম বন্ধ করে নিয়ম মেনে চলা ব্যবসায়ী ও প্রকৃত বিনিয়োগকারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে তদারকি ও আইন প্রয়োগ জোরদারের দাবি জানায় বিসিসিসিআই।সংগঠনটির অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে চীনের বিভিন্ন এলাকায় বাংলাদেশি পণ্যের অন্তত ২০টি স্থায়ী প্রদর্শনী কেন্দ্র স্থাপন, চীনা বাজারে রপ্তানি বাড়াতে লক্ষ্যভিত্তিক উদ্যোগ, দেশটির প্রধান বাণিজ্য মেলায় বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ানো এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় দুই দেশের সহযোগিতা সম্প্রসারণ।

এ ছাড়া কুনমিংয়ে অনুষ্ঠিত দশম চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণের অভিজ্ঞতাও বৈঠকে তুলে ধরে বিসিসিসিআই প্রতিনিধিদল। ওই অভিজ্ঞতার ভিত্তিতে চীনে বাংলাদেশি পণ্যের ব্র্যান্ডিং এবং বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগ আকর্ষণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বৈঠকে বিসিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হান জিংচাও, এ জেড এম আজিজুর রহমান, জেনারেল সেক্রেটারি জামিলুর রহমান এবং নির্বাহী পরিচালক মো. আবু তাহের উপস্থিত ছিলেন।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।