ওটিটিতে এর আগেও দেখা গেছে পরিণীতি চোপড়াকে, তবে এবার তার যাত্রায় যুক্ত হচ্ছে নতুন এক অধ্যায়। সিনেমার গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন বলিউডের এ অভিনেত্রী। আর অভিষেকেই রোমান্টিক গল্প নয়, বরং হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা, সম্পর্কের টানাপোড়েন ও একের পর এক রহস্যে মোড়া ক্রাইম থ্রিলার বেছে নিয়েছেন তিনি।
নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’-এ একজন মায়ের চরিত্রে দেখা যাবে পরিণীতিকে। নয় বছর আগে হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পেতে দীর্ঘ সময় ধরে লড়াই করে চলা সেই মায়ের গল্পই এগিয়ে নেবে সিরিজের কাহিনি। সন্তানকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত হবে চারপাশের মানুষ ও সম্পর্কের প্রতি অবিশ্বাস, যা গল্পে তৈরি করবে একের পর এক অনিশ্চয়তা।
রেন্সিল ডি’সিলভা পরিচালিত সিরিজটির মুক্তির তারিখও ঘোষণা করেছে নেটফ্লিক্স। আগামী ২৪ সেপ্টেম্বর দর্শকদের সামনে আসছে ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’। পরিণীতির পাশাপাশি এতে অভিনয় করেছেন সোনি রাজদান, অনূপ সোনি, জেনিফার উইঙ্গেট, তাহির রাজ ভাসিন, সুমিত ব্যাস, হারলিন শেঠি ও ধ্রুব চৌধুরী।
সিরিজটির পরিচালক রেন্সিল ডি’সিলভা বলেন, ‘শাক মূলত চরম অনিশ্চয়তার ওপর দাঁড়িয়ে থাকা একটি থ্রিলার। এখানে উন্মোচিত হওয়া প্রতিটি গোপন সত্য নতুন প্রশ্নের জন্ম দেয় এবং প্রতিটি সম্পর্কের আড়ালে বেরিয়ে আসে রহস্যের আরেক নতুন স্তর।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।