২৪ঘণ্টা অনলাইন : দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন অভিনেত্রী বন্যা মির্জা। প্রবাসজীবনে অভিনয়ের নতুন অধ্যায়ে এবার প্রথমবারের মতো নিউইয়র্কের মঞ্চে উঠতে যাচ্ছেন তিনি। মাসুম রেজা রচিত ‘নেমেসিস’ নাটকে অভিনয়ের মাধ্যমে আগামী ৫ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যামাইকার মঞ্চে দর্শকের সামনে হাজির হবেন এই অভিনেত্রী।
থিয়েটার ৭১-এর আয়োজনে বাংলা ভাষার নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাটকটির নির্দেশনা দিচ্ছেন দীর্ঘদিন ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত থাকা নির্দেশক খায়রুল ইসলাম পাখি। প্রদর্শনীকে সামনে রেখে কয়েক সপ্তাহ ধরে চলছে নিয়মিত মহড়া।
দীর্ঘদিন পর মঞ্চে ফেরার অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত বন্যা মির্জা। তিনি গণমাধ্যমকে বলেন, “মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা অন্য যেকোনো মাধ্যমের চেয়ে আলাদা। নিউইয়র্কের মতো শহরে বাংলাদেশের একটি বাংলা নাটক মঞ্চায়িত হচ্ছে—এটি আমাকে ভীষণ আনন্দ দিচ্ছে। নাটকটি দেখার পর দর্শকই বলবেন, আমরা কতটা সফল হয়েছি। আমরা নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি।”
মাসুম রেজার লেখা ও নাটকটির নির্দেশনা নিয়েও সন্তুষ্টির কথা জানান তিনি। বর্তমানে নাটকটির মহড়ায় নিয়মিত অংশ নিচ্ছেন বন্যা মির্জা।এর আগে ঢাকায় মাসুম রেজার রচনা ও নির্দেশনায় নির্মিত একক নাটক ‘পারো’-তে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
মঞ্চ ও টেলিভিশন—দুই মাধ্যমেই স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন বন্যা মির্জা। দীর্ঘদিন নাট্যদল দেশ নাটকের সঙ্গে যুক্ত থেকে বেশ কয়েকটি প্রশংসিত প্রযোজনায় অভিনয় করেছেন। পাশাপাশি টেলিভিশন নাটক ও চলচ্চিত্রেও নিয়মিত কাজ করেছেন তিনি। ‘নেমেসিস’-এর দুটি প্রদর্শনীর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর আবারও সরাসরি দর্শকের সামনে মঞ্চে ফিরছেন এই অভিনেত্রী।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।