২৪ঘণ্টা অনলাইন : বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে সুনেরাহ অভিনীত নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো চলচ্চিত্র ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে।
ফলে দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্যও এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্ত।
এই ঐতিহাসিক অর্জনের অংশ হতে এবং সিনেমাটির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে যোগ দিতে শিগগিরই ইতালির ভেনিস শহরের উদ্দেশে উড়াল দেবেন সুনেরাহ।
ভেনিসের মতো বিশ্বমানের চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়াকে শুধু ব্যক্তিগত ক্যারিয়ারের সাফল্য হিসেবে দেখছেন না এই অভিনেত্রী। বরং আন্তর্জাতিক এই আয়োজনকে বিশ্ব চলচ্চিত্র সম্পর্কে নতুন অভিজ্ঞতা অর্জনের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবেই দেখছেন তিনি।
বিশ্বের খ্যাতনামা নির্মাতা, আন্তর্জাতিক তারকা ও চলচ্চিত্র বিশেষজ্ঞদের একই মঞ্চে কাছ থেকে দেখার এবং তাদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ সুনেরাহর অভিনয়জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদী তিনি। এর মধ্য দিয়ে দেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নিজের কাজের পরিচয় তুলে ধরার সুযোগ পাচ্ছেন সুনেরাহ।
প্রথম সিনেমা ‘ন ডরাই’ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। অভিনয়দক্ষতা দিয়ে অল্প সময়েই ঢালিউডে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি।এবার দেশের গণ্ডি পেরিয়ে তার ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে আরো বড় একটি আন্তর্জাতিক অর্জন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।