২৪ ঘণ্টা অনলাইন : ২০২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আনুমানিক ২০ হাজার ৪৯২ জন সদস্য অনিচ্ছাকৃত যৌন সংস্পর্শ বা যৌন নিপীড়নের শিকার হয়েছেন। ২১ আগস্ট প্রকাশিত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে যৌন নিপীড়নের আনুমানিক ঘটনা প্রায় ৮ হাজার ৫০০ কমেছে। নারী ও পুরুষ—উভয় সক্রিয় সামরিক সদস্যের মধ্যেই এ ধরনের ঘটনার হার কমেছে।
সক্রিয় নারী সদস্যদের মধ্যে যৌন নিপীড়নের হার ২০২৩ সালের ৬ দশমিক ৮ শতাংশ থেকে ২০২৫ সালে কমে ৪ দশমিক ৩ শতাংশ হয়েছে। পুরুষ সদস্যদের ক্ষেত্রে একই সময়ে হার ১ দশমিক ৩ শতাংশ থেকে কমে ১ শতাংশে দাঁড়িয়েছে।
কংগ্রেসের নির্দেশনায় প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে সামরিক বাহিনীর কর্মক্ষেত্রের অভিজ্ঞতা জরিপের তথ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে অনিচ্ছাকৃত যৌন সংস্পর্শ, যৌন হয়রানি ও লিঙ্গভিত্তিক বৈষম্যের পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
সামরিক বাহিনীতে যৌন হয়রানির হারও আগের তুলনায় কমেছে। নারী সদস্যদের ক্ষেত্রে ২০২৩ সালে এ হার ছিল ২৪ দশমিক ৭ শতাংশ, যা ২০২৫ সালে কমে ১৭ দশমিক ৫ শতাংশ হয়েছে। পুরুষ সদস্যদের ক্ষেত্রে হার ৫ দশমিক ৮ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৪ শতাংশে নেমেছে।
তবে এসব ঘটনার বিষয়ে কর্তৃপক্ষকে জানানোর হার বেড়েছে। ২০২৩ সালে আনুমানিক ২৫ শতাংশ ঘটনা সরকারি প্রক্রিয়ায় জানানো হলেও ২০২৫ সালে তা বেড়ে ৩৩ শতাংশ হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, ঘটনা জানানোর হার বাড়া গুরুত্বপূর্ণ। এতে ভুক্তভোগীরা চিকিৎসা, মানসিক সহায়তা ও অন্যান্য প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ পান। একই সঙ্গে অভিযোগ তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার সুযোগ তৈরি হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনবল ও প্রস্তুতিবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যান্থনি জে. টাটা বলেন, মর্যাদা, সম্মান ও শৃঙ্খলা সামরিক বাহিনীর মৌলিক মূল্যবোধ। যৌন নিপীড়ন ও হয়রানি এসব মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি সদস্যদের মধ্যে আস্থা কমায়।
তবে প্রতিবেদনে উল্লেখ করা ২০ হাজার ৪৯২ জনের সংখ্যা সামরিক কর্তৃপক্ষের কাছে জমা পড়া আনুষ্ঠানিক অভিযোগের হিসাব নয়। জরিপের ভিত্তিতে তৈরি এই আনুমানিক সংখ্যার মধ্যে এমন ঘটনাও রয়েছে, যেগুলো কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
যৌন নিপীড়নের হার কমার তথ্য ইতিবাচক হলেও বিপুলসংখ্যক সামরিক সদস্য এখনো এ ধরনের অভিজ্ঞতার শিকার হওয়ায় বিষয়টি মার্কিন সামরিক বাহিনীর জন্য বড় উদ্বেগের কারণ হয়ে রয়েছে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।