২৪ঘণ্টা অনলাইন : ১৯ আগস্ট অর্থমন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মোট ঋণ ইতিহাসে প্রথমবারের মতো ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বিশেষ করে গত বছরের জানুয়ারিতে শুরু হওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্রমবর্ধমান ঋণ বেশ কিছুদিন ধরেই একটি আসন্ন আর্থিক সংকট নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলছে। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন যে, বিপুল পরিমাণ ঋণ গ্রহণ, বর্ধিত ব্যয় এবং কম করের এক মারাত্মক সংমিশ্রণ বিশ্বের বৃহত্তম অর্থনীতিকে সংকটে ফেলতে পারে।
অর্থ দপ্তরের তথ্য অনুযায়ী, দেশীয় ও বিদেশী বিনিয়োগকারীদের কাছ থেকে নেওয়া সরকারি ঋণ যুক্তরাষ্ট্রের মোট ঋণের ৮০ শতাংশ—প্রায় ৩২ ট্রিলিয়ন ডলার। পিটার জি পিটারসন ফাউন্ডেশনের বিশ্লেষণ অনুসারে, এই সরকারি ঋণের প্রায় ২১ ট্রিলিয়ন ডলার দেশের অভ্যন্তরে বিভিন্ন ঋণদাতার কাছে পাওনা, যার মধ্যে রয়েছে ফেডারেল রিজার্ভ (৪ দশমিক ৫২৮ ট্রিলিয়ন ডলার), যা ফেডারেল সুদের হারকে প্রভাবিত করতে এবং অর্থ সরবরাহ পরিচালনা করতে ট্রেজারি সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় করে।
অন্যান্য ঋণদাতাদের মধ্যে রয়েছে মিউচুয়াল ফান্ড (৫ দশমিক ১৯৫ ট্রিলিয়ন ডলার), পেনশন ফান্ড (১ দশমিক ১৩৫ ট্রিলিয়ন ডলার), রাজ্য ও স্থানীয় সরকার (১ দশমিক ৬৩৬ ট্রিলিয়ন ডলার), বাণিজ্যিক ব্যাংক ও আমানতকারী প্রতিষ্ঠান (২ দশমিক ০৮৩ ট্রিলিয়ন ডলার) এবং অন্যান্য কর্পোরেট ও ব্যক্তিগত ঋণদাতা (৬ দশমিক ৬৬০ ট্রিলিয়ন ডলার)।
আন্তর্জাতিকভাবে, মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি দেশ এবং বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ঋণী। ১৯৭০ সালে, মোট বিদেশি ঋণদাতাদের কাছে মোট ঋণের পরিমাণ ছিল ৫ শতাংশ, কিন্তু ২০২৫ সাল নাগাদ তা বেড়ে দাঁড়ায় ৩২ শতাংশে। এর অর্থ হলো, এই ঋণ মার্কিন অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে সাহায্য করলেও দেশের আয়ের একটি বড় অংশ সুদ পরিশোধের আকারে বিদেশে চলে যাচ্ছে।
২০২৫ সাল নাগাদ, মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের ১ দশমিক ২০৩ ট্রিলিয়ন ডলার, যুক্তরাজ্যের ৮৮৯ বিলিয়ন ডলার, চীনের ৬৮৩ বিলিয়ন ডলার এবং আরো ৩০টিরও বেশি অন্যান্য সংস্থার কাছ থেকে ঋণ নিয়েছিল।
বিশ্লেষকরা বলছেন, এই ক্রমবর্ধমান ঋণ যদি নিয়ন্ত্রণহীন থাকে, তবে তা মার্কিন যুক্তরাষ্ট্রে অতি মুদ্রাস্ফীতি বা উচ্চ সুদের হারের মতো অর্থনৈতিক সংকট তৈরি করতে পারে। ঋণ যত বাড়তে থাকবে, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বেসরকারি বিনিয়োগ কমে যাওয়ার ঝুঁকিও তত বাড়বে এবং এর ফলস্বরূপ অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হয়ে যেতে পারে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।