২৪ঘণ্টা অনলাইন : অভিনেত্রী অভিকা গোরের পর এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। কয়েক দিন ধরে অসুস্থ বোধ করার পর রক্ত পরীক্ষা করান তিনি। পরীক্ষার ফল পজিটিভ আসার পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের বেড থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি শেয়ার করে স্বরা ভাস্কর জানান, তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হচ্ছিল। পরে ডেঙ্গু শনাক্ত হলে হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে।
স্বরা আক্রান্ত হওয়ার কয়েক দিন আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ‘বালিকা বধূ’খ্যাত অভিনেত্রী অভিকা গোরে। জানা গেছে, টানা ১০৩ থেকে ১০৪ ডিগ্রি জ্বর নিয়েও পেশাগত দায়িত্বের কারণে শুটিং চালিয়ে যাচ্ছিলেন তিনি।
অভিকার স্বামী মিলিন্দ চান্দওয়ানি জানান, অসুস্থতার কারণে অভিকার দাঁড়ানোর মতো শক্তিও ছিল না। এরপর চিকিৎসকেরা তাকে অন্তত ১৫ দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন।
পরপর দুই অভিনেত্রীর ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঘটনায় বলিউডে উদ্বেগ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা স্বরা ভাস্কর ও অভিকা গোরের দ্রুত সুস্থতা কামনা করছেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।