২৪ঘণ্টা অনলাইন : নেপালের পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে গিয়ে এবার ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। দেশটির পোখারা অন্নপূর্ণার রোমাঞ্চকর কেবল কারে চড়ে একদিকে যেমন উপভোগ করেছেন আকাশপথের ভ্রমণ, অন্যদিকে তেমনি উচ্চতার কারণে অনুভব করেছেন তীব্র ভয়।
বর্তমানে নেপালে অবস্থান করছেন অপু বিশ্বাস। সেখানে নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ে ব্যস্ত সময় কাটছে তাঁর। শুটিংয়ের ফাঁকে ঘোরাঘুরি করতে গিয়ে বৃহস্পতিবার পোখারার অন্নপূর্ণা এলাকায় ক্যাবল কারে ওঠেন এই অভিনেত্রী।
কেবল কারে চড়ার অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ফেসবুক লাইভে আসেন অপু।সেখানে নিজের রোমাঞ্চ ও আতঙ্কের কথা জানান তিনি। লাইভের ক্যাপশনে লিখেছিলেন, ‘ভীষণ ভয় লাগছে।’অপু জানান, কেবল কারটি অনেক উঁচু দিয়ে চলায় তাঁর কাছে অভিজ্ঞতাটি মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের ক্যাবল কারে চড়ার চেয়েও বেশি ভয়ংকর ও চ্যালেঞ্জিং মনে হয়েছে। পাহাড়ের অনেক ওপরে ঝুলন্ত অবস্থায় চলার সময় রোমাঞ্চের পাশাপাশি ভয়ও কাজ করছিল তাঁর মধ্যে।
তবে ভয় পেলেও ভ্রমণের অভিজ্ঞতা উপভোগ করেছেন অপু। একই সঙ্গে উচ্চতাভীতিতে ভোগা মানুষের জন্য সতর্কবার্তাও দিয়েছেন তিনি। যাদের হাইফোবিয়া রয়েছে কিংবা হার্টের সমস্যা আছে, তাদের এমন ক্যাবল কারে না ওঠার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। শুটিং ও ভ্রমণের ব্যস্ততার মধ্যেও অবশ্য ব্যক্তিগত আবেগ থেকে দূরে থাকতে পারেননি অপু। নেপালের এই বিশেষ মুহূর্তে নিজের সন্তানকে ভীষণভাবে মিস করছেন বলেও ফেসবুক লাইভে জানান তিনি।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।