২৪ ঘণ্টা অনলাইন : কান চলচ্চিত্র উৎসব শেষ হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলিউড তারকা ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে উৎসবে তার একটি অদেখা লুক, যা ইতোমধ্যেই ফ্যাশনপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
আন্তর্জাতিক ফ্যাশন হাউস টনি ওয়ার্ড কতুর প্রকাশিত ছবিতে আইভরি-সাদা রঙের স্ট্র্যাপলেস গাউনে রাজকীয় রূপে ধরা দিয়েছেন ঐশ্বরিয়া। পোশাকটির সবচেয়ে বড় আকর্ষণ ছিল এর বডিসজুড়ে হাতে বসানো সাত হাজারেরও বেশি মুক্তা। ত্রি-মাত্রিক নকশায় তৈরি এই গাউনে সমুদ্রের ঢেউয়ের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে।
ফ্যাশন হাউসটির তথ্য অনুযায়ী, গাউনটি তৈরি করতে প্রায় ৬০০ ঘণ্টা সময় লেগেছে। এতে ব্যবহার করা হয়েছে প্রায় ৪০ মিটার আইভরি সিল্ক ট্যাফেটা কাপড়। কাঁধের ভলিউমিনাস রাফল বা ঢেউখেলানো নকশা পুরো পোশাকটিকে আরও নাটকীয় ও অভিজাত রূপ দিয়েছে।
চমকপ্রদ এই গাউনের সঙ্গে ঐশ্বরিয়া বেছে নিয়েছেন পরিমিত সাজ। ভারী গয়নার পরিবর্তে তিনি পরেছেন লম্বা হিরার দুল এবং একটি বড় ডায়মন্ড রিং। মেকআপেও ছিল স্বাভাবিক ও মার্জিত ছোঁয়া—উজ্জ্বল ত্বক, হালকা শিমারি আইশ্যাডো এবং নিউড-গোলাপি লিপস্টিক তার লুককে করেছে আরও আকর্ষণীয়।
চুলে ছিল সাইড-পার্টেড সফট ওয়েভ স্টাইল, যা পুরো সাজে ধ্রুপদী হলিউড গ্ল্যামারের আবহ এনে দিয়েছে। ফ্যাশন সমালোচকদের মতে, বর্তমান সময়ের ‘কোয়ায়েট লাক্সারি’ ধারার অন্যতম সফল উদাহরণ এই লুক।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই কান চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণ ঐশ্বরিয়া রাই বচ্চন। ২০২৬ সালের আসরেও তার একাধিক স্টাইল প্রশংসিত হয়েছে। তবে ৭ হাজার মুক্তার কারুকাজে তৈরি এই বিশেষ গাউনটি তার ফ্যাশন আইকন হিসেবে অবস্থানকে আরও দৃঢ় করেছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।