শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন, ৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত

প্রকাশিত - ২৭ জুলাই, ২০২৬   ১১:২৮ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ার মধ্যে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। ফ্রান্সে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ঐতিহাসিক শহর বোর্দোর দিকে দ্রুত আগুন ধেয়ে আসতে থাকায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো সোমবার (২৭ জুলাই) এক জরুরি মন্ত্রিসভা বৈঠক আহ্বান করেছেন। খবর বিবিসির।ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহ ধরে ফ্রান্স ও স্পেনে দাবানল তাণ্ডব চালাচ্ছে। এই দুই দেশে এখন পর্যন্ত ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বোর্দোর মেয়র থমাস কাজেনাভ জানান, আগুন বর্তমানে শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। আগামী তাপপ্রবাহের পূর্বাভাস এই বিশাল আগুন মোকাবিলার প্রচেষ্টাকে আরো জটিল করে তুলতে পারে। এর আগে তিনি জানিয়েছিলেন, শহরের প্রায় ৮ লাখ ৫০ হাজার নাগরিককে অন্যত্র সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা আপাতত নেই। বোর্দোর আশেপাশের অঞ্চল থেকে ইতিমধ্যে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ জানান, আগুন খুব অনিয়মিত ও অনিশ্চিতভাবে শহরের দিকে এগোচ্ছে।

ফ্রান্সের আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক করে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ জুলাই) থেকে কিছু এলাকায় তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। ফায়ার সার্ভিসের মুখপাত্র এরিক ব্রোকার্ডি বলেন, “আগুন কীভাবে ছড়াবে তা আমরা নিশ্চিত নই, কারণ এর সামনের অংশ প্রতিনিয়ত দিক পরিবর্তন করছে। আমরা সরাসরি এর বিরুদ্ধে লড়াই করতে পারছি না।”


তিনি পরিস্থিতিটিকে ‘ডেভিড বনাম গোলিয়াথের মতো অসম লড়াই’ হিসেবে বর্ণনা করেন। তার মতে, এই আগুন নিয়ন্ত্রণে আনতে হলে হয় ‘টানা তিন দিন মুষলধারে বৃষ্টি’ হতে হবে, অথবা ফায়ার সার্ভিসকে কৌশলে আগুনটিকে এমন স্থানে নিয়ে যেতে হবে যেখানে তা স্বয়ংক্রিয়ভাবে নিভে যাবে, যেমন- সমুদ্রের দিকে।

এই দাবানলে ফ্রান্স মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৪২ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। আর চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৯৮ হাজার হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে।ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকেই কেবল ২ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, স্পেনের পরিস্থিতিও দিন দিন অবনতি হচ্ছে। রবিবার (২৬ জুলাই) দেশটির পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর ভ্যালেন্সিয়ার কাছে একটি নতুন দাবানল ছড়িয়ে পড়ায় সেখানে অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভাতে লড়াই চালিয়ে যাচ্ছেন। শহরটি থেকে প্রায় ১৫ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।সোমবার ভ্যালেন্সিয়ার ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনে যাবেন স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফের্নান্দো গ্রান্দে-মারলাস্কা। তার মতে, আগুনগুলো ধীরে ধীরে এগোচ্ছে।

রোববার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মাদ্রিদের পশ্চিমে আভিলা প্রদেশের দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শন করে সতর্ক করে বলেন, “সামনে অত্যন্ত কঠিন সময় আসছে।” তিনি জলবায়ু জরুরি অবস্থা মোকাবিলায় জাতীয় সমঝোতার আহ্বান জানান।রাজধানীর দক্ষিণ-পশ্চিমে ভিলামান্তারে একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ বলেন, এই দাবানল দেশের প্রাকৃতিক ঐতিহ্যের ‘অপূরণীয়’ ক্ষতি করেছে।

রবিবার স্পেনের পরিবেশগত রূপান্তর বিষয়ক মন্ত্রী সারা আগেসেন জানান, স্পেনে আগুনে প্রায় ৭৭ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরো যোগ করেন, আভিলা অঞ্চলে জ্বলতে থাকা দাবানলটি দেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় দাবানল।

বাধ্য হয়ে এলাকা ছাড়া বাসিন্দাদের একজন হলেন ৫০ বছর বয়সী ওলগা কঙ্গাচা। মাদ্রিদের পশ্চিমে অবস্থিত তার নিজ গ্রাম রোবলেদো দে চাভেলা থেকে দ্রুত পালিয়ে আসতে হয় তাকে।

তিনি জানান, বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা শুনে তিনি ‘আতঙ্কিত’ হয়ে পড়েছিলেন।তিনি আরো যোগ করেন, “আমি কাঁদব নাকি কী করব বুঝতে পারছিলাম না। সেটা এমন একটা মুহূর্ত ছিল যখন নিজেকে খুব অসহায় মনে হয়।”

ওষুধ নিতে রবিবার অল্প সময়ের জন্য ঘরে ফিরে তিনি দেখতে পান পুরো রাস্তাঘাট জনশূন্য এবং তার ঘর ছাই দিয়ে ঢেকে গেছে। সরকারি তথ্যানুযায়ী, মাদ্রিদ ও আভিলার আশেপাশের অঞ্চল থেকে এখন পর্যন্ত ৯০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।