২৪ঘণ্টা অনলাইন : অভিনয়ের ব্যস্ততার মাঝেও সুযোগ পেলেই ভ্রমণে বেরিয়ে পড়েন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি মালদ্বীপ সফরের স্মৃতিময় মুহূর্ত নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি, যা ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
২১ জুলাই নিজের ফেসবুক পেজে মালদ্বীপ ভ্রমণের বিভিন্ন মুহূর্ত নিয়ে তৈরি একটি ভিডিও শেয়ার করেন কেয়া পায়েল। ভিডিওতে তাকে কখনো সমুদ্রসৈকতে হাঁটতে, কখনো বিশুদ্ধ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে, আবার কখনো প্যারাসেইলিং ও স্কুবা ডাইভিংয়ের মতো রোমাঞ্চকর কর্মকাণ্ডে অংশ নিতে দেখা যায়।
ভ্রমণের স্মৃতি ভাগ করে নিয়ে ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “মন যেটা চায়, সেটাই করো। জীবন তো একটাই।”
পায়েলের এই বার্তা অনেক ভক্ত ও অনুসারীর প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তার জীবনকে উপভোগ করার দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত হয়েছেন। তবে কেউ কেউ মন্তব্য করেছেন, এমন স্বপ্নপূরণ ও ভ্রমণের জন্য আর্থিক সামর্থ্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সম্প্রতি মালদ্বীপ ভ্রমণের বেশ কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন কেয়া পায়েল। এসব পোস্টে সমুদ্রঘেরা দ্বীপদেশে তার অবকাশযাপনের নানা মুহূর্ত উঠে এসেছে।
এদিকে মালদ্বীপ সফর ঘিরে সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে একটি অভিজাত রেস্তোরাঁয় কেয়া পায়েলকে এক যুবকের সঙ্গে দেখা যায়। ভিডিওতে ওই যুবককে খাবার খাইয়ে দিতে দেখা যাওয়ায় তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি কেয়া পায়েল। ফলে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা থাকলেও তা নিয়ে রহস্য থেকেই গেছে।
কাজের ব্যস্ততার পাশাপাশি নিজের মতো করে জীবন উপভোগ করার বার্তাই যেন এবার ভক্তদের সামনে তুলে ধরলেন এই অভিনেত্রী।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।