শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধবিরতি নিয়ে শেষ কথা মোজতবার

প্রকাশিত - ২০ জুলাই, ২০২৬   ১১:৩০ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতের মধ্যেই যুদ্ধ কিংবা সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে যাবে কি না, নাকি আবারও আলোচনার টেবিলে ফিরবে— সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির রয়েছে।

১৯ জুলাই ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমস–কে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি জানান, বর্তমানে ইরানের সামরিক বাহিনী যে হামলাগুলো চালাচ্ছে, সেগুলো যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আক্রমণের প্রতিক্রিয়া মাত্র। এখনো ইরান আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি।

তিনি বলেন, “শনিবার সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দীর্ঘ বৈঠকে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। বৈঠকে ইসলামাবাদ সমঝোতা চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক কোন পথে এগোবে, সে বিষয়ে সর্বোচ্চ নেতার সিদ্ধান্তই চূড়ান্ত হবে।”

ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত প্রায় ৪০ দিন স্থায়ী হয়। পরে এপ্রিল মাসে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় জুন মাসে স্বাক্ষরিত হয় ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’, যেখানে হরমুজ প্রণালিতে হামলা বন্ধ এবং ইরানের ওপর কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে সমঝোতা হয়েছিল।

তবে গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে দুটি ট্যাংকারে ড্রোন হামলার পর পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র অভিযোগ করে, হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) জড়িত ছিল। এর জবাবে ৭ জুলাই থেকে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা শুরু করে মার্কিন বাহিনী।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ১৩ জুলাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর নতুন করে অবরোধ আরোপের নির্দেশ দেন। এর পরপরই ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজিম ঘরিবাবাদি ইসলামাবাদ চুক্তি থেকে সরে আসার পক্ষে মত দেন। পরে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ আনুষ্ঠানিকভাবে চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেয়।

সাক্ষাৎকারে আরাগচি আরও জানান, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে তার সরাসরি যোগাযোগ হয়নি। তিনি বলেন, “তার সঙ্গে আমার কখনো সাক্ষাৎ হয়নি। খুব সীমিত সংখ্যক ব্যক্তিই কেবল তার সঙ্গে দেখা করার সুযোগ পান।”

বিশ্লেষকদের মতে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে পরবর্তী পদক্ষেপ পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন মোড় দিতে পারে। আর সেই সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।