২৪ঘন্টা অনলাইন: তৃতীয় বিয়েকে ঘিরে চলমান আলোচনা-সমালোচনার মধ্যে অবশেষে মুখ খুলেছেন বলিউড তারকা আমির খান। ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জনের জবাবে তিনি জানিয়েছেন, তার সাম্প্রতিক বিয়ে সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে এবং এতে ধর্ম পরিবর্তনের কোনো বিষয় ছিল না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত এই অভিনেতা বলেন, “গৌরী, কিরণ কিংবা রিনা—কেউই কখনও ধর্ম পরিবর্তন করেননি। আমাদের বিয়েগুলো সিভিল ম্যারেজের মাধ্যমেই হয়েছে। গৌরী হিন্দু নন, তিনি খ্রিস্টান। তবে ধর্মীয় আচার-অনুষ্ঠানও খুব একটা পালন করেন না। সময়ের সঙ্গে সঙ্গে জীবনটা যেন আরও হাস্যকর হয়ে উঠছে।”
আমির জানান, তাদের বিয়ে ভারতের বিশেষ বিবাহ আইন (স্পেশাল ম্যারেজ অ্যাক্ট) অনুযায়ী সম্পন্ন হয়েছে, যেখানে ধর্মীয় পরিচয় বা ধর্মান্তরের কোনো বাধ্যবাধকতা নেই।
গত ৫ জুলাই মুম্বইয়ের পালী হিলের বাসভবনে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। এটি তার তৃতীয় বিয়ে।
এর আগে ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে নতুন জীবন শুরু করেন আমির। প্রায় ১৬ বছর একসঙ্গে থাকার পর ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দিলেও ছেলে আজাদের যৌথ অভিভাবকত্বের দায়িত্ব এখনও একসঙ্গেই পালন করছেন তারা।
তৃতীয় বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে নানা আলোচনা চললেও ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আত্মবিশ্বাসী অবস্থানই তুলে ধরেছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।