২৪ঘণ্টা অনলাইন : আবারো অভিনয়ে ফিরতে চান এ সময়ের ব্যস্ত ডিজে সুমী। বর্তমানে ইভেন্ট, করপোরেট, ক্লাব ও ওয়েডিং শো নিয়েই ব্যস্ত সময় পার করলেও অভিনয়ই এখন তার প্রধান লক্ষ্য। এজন্য মিডিয়ার পুরোনো সহকর্মীদের সঙ্গে যোগাযোগও শুরু করেছেন তিনি। সুলতানা রাজিয়া সুমী ২০০২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে নাচ ও অভিনয়ের প্রশিক্ষণ নেন। ২০০৩ সালে অভিনয় জীবন শুরু করে টানা সাত বছর চলচ্চিত্র, টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেন।
চিত্রপরিচালক মোস্তাফিজুর রহমান বাবুর ‘মায়ের স্বপ্ন’ ছিল তার প্রথম চলচ্চিত্র। উত্তম আকাশ, সায়মন তারিকসহ একাধিক নির্মাতার চলচ্চিত্রেও অভিনয় করেছেন। টেলিভিশনে নজরুল কোরেশী ও দেবাশিষ বড়ুয়া দ্বীপের পরিচালনায় কাজ করার পাশাপাশি শাহ সিমেন্ট, রূপায়ন গ্রুপ ও ডোরেমন কেকের বিজ্ঞাপনের মডেল হিসেবেও পরিচিতি লাভ করেন।
২০১০ সালে ডিজে পেশায় যুক্ত হওয়ার পর অভিনয়ে দীর্ঘ বিরতি নেন। বর্তমানে ডিজে পেশায় সফল হলেও আবার অভিনয়েই নিয়মিত হতে চান তিনি। এ প্রসঙ্গে ডিজে সুমী বলেন, “মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় নিয়েই থাকতে চাই।” মিডিয়ায় কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সুমী বলেন, “মিডিয়ার কাজ করতে আমার সবসময় ভালো লাগে। কোনো কাজই আমার কাছে কষ্টের মনে হয় না, বরং আগ্রহ আরো বাড়িয়ে দেয়।”
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।