শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সারে মারা গেলেন অভিনেত্রী স্লেন কেলি

প্রকাশিত - ০৬ জুলাই, ২০২৬   ১১:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইংল্যান্ডের ১৬ শতকের পটভূমিতে নির্মিত জনপ্রিয় সিরিজ ‘দ্য টিউডরস’-এ ক্যাথরিন হাওয়ার্ডের কাজিন জেনের চরিত্রে অভিনয় করে খ্যাতি লাভ করা আইরিশ অভিনেত্রী স্লেন কেলি মারা গেছেন। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর গত ৪ জুলাই নিজ বাড়িতে মৃত্যু হয়েছে তার।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টার ইউকের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী স্লেন কেলি। মৃত্যুর সময় তার প্রিয়জনরা পাশেই ছিলেন এবং পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিনেত্রীর পরিবার থেকে শোকবার্তায় বলা হয়েছে, ‘স্লেন কেলি, তার ভালোবাসার পরিবারের সদস্যদের উপস্থিতিতে নিজ বাড়িতে শান্তিপূর্ণভাবে মারা গেছেন।

তিনি ম্যারিয়ন ও জো কেলির প্রিয় কন্যা। নক্সের স্নেহময়ী মা, ড্যারাঘের অত্যন্ত প্রিয় বোন, ম্যাগসের ননদ ও এলিজার আদরের ফুফু/খালা ছিলেন। স্লেন কেলিকে তার পরিবার, বন্ধু-বান্ধব এবং যারা তাকে চিনতেন সবাই গভীরভাবে মিস করবেন।’

এছাড়াও শোকবার্তায় বলা হয়েছে, ‘তিনি একজন অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক হিসেবে নিজ কাজ, প্রাণবন্ত চেতনা এবং “সেন্ট অ্যানস সিটি ফার্ম” প্রতিষ্ঠায় সহায়তার জন্য শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবেন।’

তবে শোকবার্তা ও শ্রদ্ধাঞ্জলিতে তার মৃত্যুর নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। স্লেন কেলির বন্ধু ‘শেমলেস’ খ্যাত তারকা প্যাডি সি কোর্টনি জানিয়েছেন, ক্যান্সারের কারণে তার জীবনটি অকালে শেষ হলো। এটি সত্যি খুবই দুঃখজনক।

প্রসঙ্গত, অভিনেত্রী স্লেন কেলি প্রাইম ভিডিওর ‘দ্য ও’ব্রায়েনস’ শোয়ে উনা ব্লেকের চরিত্রে অভিনয় করেছেন এবং অনুষ্ঠানটি প্রযোজনাও করেছেন। তিনি ‘দ্য টিউডরস’ ধারাবাহিকে জেন হাওয়ার্ডের চরিত্রে অভিনয় করেন, যিনি কিনা রাজা অষ্টম হেনরির প্রাক্তন প্রেমিকা এবং তার পঞ্চম স্ত্রী ক্যাথরিন হাওয়ার্ডের কাজিন ছিলেন।

এছাড়া ‘রাইজ অব দ্য ফুটসোলজার ২’ চলচ্চিত্রে লুসি চরিত্রে অভিনয় করেও দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। আবার আয়ারল্যান্ড এবং থাইলান্ডে শুটিং হওয়া ‘ব্যারিস টি’র একটি আইকনিক বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের জন্য বেশ পরিচিত ছিলেন এ তারকা।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।