শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলেন সুপ্রিম কোর্ট

প্রকাশিত - ৩০ জুন, ২০২৬   ১১:২৯ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার ৬-৩ ভোটের ব্যবধানে দেওয়া এই রায়ে নিম্ন আদালতের দেওয়া স্থগিতাদেশই বহাল রাখা হয়েছে। অভিবাসন নীতি কঠোর করার এই উদ্যোগ বাতিল হওয়াকে ট্রাম্পের জন্য বড় ধরনের আইনি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

গত বছর দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই এই বিতর্কিত নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প। ওই আদেশে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী কোনো শিশুর মা-বাবার অন্তত একজন যদি মার্কিন নাগরিক বা স্থায়ী বৈধ বাসিন্দা না হন, তবে ওই শিশু জন্মসূত্রে নাগরিকত্বের স্বীকৃতি পাবে না। মার্কিন সরকারি সংস্থাগুলোকে এই নির্দেশ মেনে চলার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস এই রায়ের খসড়া প্রস্তুত করেন। রায়ে তিনি মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীর কথা উল্লেখ করেন, যা মূলত গৃহযুদ্ধ শেষে দাসপ্রথা বিলুপ্তির পর মুক্ত হওয়া দাসদের নাগরিকত্ব নিশ্চিত করতে প্রণীত হয়েছিল। রায়ে বলা হয়, মা-বাবা সাময়িক বা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও সেখানে জন্ম নেওয়া তাদের সন্তান সংবিধান অনুযায়ী নিশ্চিতভাবেই ‘জন্মসূত্রে নাগরিক’।

প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে উল্লেখ করেন, ‘নাগরিকত্ব হলো তখনো এবং এখনো আমাদের রাজনৈতিক সম্প্রদায়ে অবাধে অংশগ্রহণের অধিকার পাওয়ার চাবিকাঠি। চতুর্দশ সংশোধনীর প্রণেতারা এই ভূখণ্ডে মুক্তভাবে জন্ম নেওয়া প্রতিটি মানুষের জন্য সেই প্রতিশ্রুতি প্রসারিত করেছিলেন। আমরা আজ সেই প্রতিশ্রুতিরই ধারাবাহিকতা বজায় রাখছি।’

প্রেসিডেন্ট ট্রাম্প অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে নিয়মিতভাবেই তার ক্ষমতার আইনি সীমা পরীক্ষার চেষ্টা করছেন। তবে চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো তার নেওয়া কোনো বড় সিদ্ধান্ত আদালতের বাধার মুখে পড়ল। এর আগে গত ফেব্রুয়ারিতে তার জারি করা ব্যাপকভিত্তিক বৈশ্বিক শুল্ক আরোপের সিদ্ধান্তটিও বাতিল করে দিয়েছিলেন সুপ্রিম কোর্ট।

এদিকে, জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে হারলেও একই দিন অন্য একটি রায়ে স্বস্তি পেয়েছেন ট্রাম্প। স্কুল ও কলেজের মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতায় ট্রান্সজেন্ডার (রূপান্তরকামী) নারীদের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। ট্রাম্প এই রায়কে নিজের ‘বড় জয়’ হিসেবে অভিহিত করেছেন।

আইডাহো ও ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের প্রণয়ন করা আইনের বিরুদ্ধে শিক্ষার্থীদের করা দুটি মামলার শুনানি শেষে আদালত এই রায় দেন। ওই দুই অঙ্গরাজ্যের আইনে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া দলে জন্মকালীন নিবন্ধিত লিঙ্গ অনুযায়ী অংশ নেওয়ার বাধ্যবাধকতা দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্তকে বৈধতা দেওয়ায় এখন থেকে অঙ্গরাজ্যগুলো চাইলেই মেয়েদের স্কুল-কলেজের খেলাধুলায় ট্রান্সজেন্ডার নারীদের ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।