শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ধ্বংসস্তূপের নিচে  ১৮ দিনের সন্তানকে বাঁচতে দেখে সাহস পেয়েছিলেন মা

প্রকাশিত - ২৯ জুন, ২০২৬   ১১:২২ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৮ দিন বয়সী নবজাতক সন্তানসহ এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই নারী ডায়ানা প্যাটিনো জানিয়েছেন, অন্ধকার, আতঙ্ক আর ব্যথার মধ্যেও তাকে বেঁচে থাকার প্রেরণা জুগিয়েছে তার ছোট্ট ছেলে হুয়ান ডেভিড।

২৮ জুন কারাকাসের একটি ক্লিনিকে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ডায়ানা প্যাটিনো সেই ভয়ঙ্কর সময়ের বর্ণনা দেন। ডায়ানা বলেন, যতক্ষণ আমার ছেলে বেঁচে ছিল, ততক্ষণ আমিও বেঁচে থাকব। এটাই ছিল আমার একমাত্র লক্ষ্য। প্রতি মুহূর্তে আমি তার নাকের কাছে হাত রেখে দেখতাম সে শ্বাস নিচ্ছে কি না।

উদ্ধারের ফুটেজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পর নবজাতক হুয়ান ডেভিড হয়ে উঠেছে আশার প্রতীক। গত বুধবার ভেনেজুয়েলায় মাত্র এক মিনিটের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসসহ লা গুয়েরা, অন্যান্য শহরে বহুতল ভবন ধসে পড়ে। এখন পর্যন্ত নিশ্চিতভাবে ১,৪৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস আশঙ্কা করছে, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এ ঘটনাকে ভেনেজুয়েলার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় বলে বর্ণনা করেছেন। এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজ চললেও জীবিত উদ্ধারের আশা ক্রমশ কমে আসছে।

কারাকাসের একটি ক্লিনিকে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ডায়ানা প্যাটিনো সেই ভয়ঙ্কর সময়ের বর্ণনা দেন। ভূমিকম্পের সময় তিনি লা গুয়েরার উত্তর উপকূলীয় এলাকায় অষ্টম তলার অ্যাপার্টমেন্টে বাসন ধুচ্ছিলেন। হালকা কম্পন অনুভব করে তিনি দ্রুত ছেলেকে কোলে তুলে নেন।

তিনি বলেন, মনে হচ্ছিল আমি যেন উড়ে যাচ্ছি। তারপর পানি আর আবর্জনার নিচে তলিয়ে যাচ্ছি। হঠাৎ একটা গর্তের মধ্যে পড়ে গেলাম। কীভাবে যে ছেলেকে জড়িয়ে ধরে রেখেছিলাম, সেটা এখনো ভেবে পাই না। আসবাবপত্রের সঙ্গে ধাক্কা খেয়েছি, চারদিকে সবকিছু ভেঙে পড়ছিল।

প্রথমে চিৎকার করলেও পরে বুঝতে পারেন কেউ শুনছে না। তখন নিজেকে সামলান ডায়ানা। বলেন, আমি ঠিক করলাম, শক্তি নষ্ট করে চিৎকার করব না। যখন সত্যিই কারও গলার আওয়াজ বা পায়ের শব্দ পাব, তখনই চেঁচাব।

তার বাম পা কংক্রিটের নিচে চাপা পড়েছিল, মাথার একপাশ পাথরের সঙ্গে চেপে ছিল। নড়াচড়া করারও উপায় ছিল না। এমন সময় শরীরের নিচে একটা বাইবেল অনুভব করে তিনি আশায় বুক বাঁধেন। সেখান থেকেই শুরু হয় তাঁর বেঁচে থাকার লড়াই।

অন্ধকারের মধ্যে সুঁচের ছিদ্রের মতো ছোট্ট একফালি আলো দেখতে পেতেন তিনি, যা চাঁদের মতো মনে হতো। অবশেষে ভাইয়ের গলায় নিজের নাম শুনে চিৎকার করে ওঠেন। ভাই তাকে আশ্বাস দেন, আমি তোমাকে খুঁজে পেয়েছি। তোমাকে না বের করা পর্যন্ত এখান থেকে যাব না।ভাই সেই কথা রেখেছিলেন। বৃহস্পতিবার রাতে জটিল উদ্ধার অভিযানের পর মা-ছেলেকে বের করে আনা হয়। ডায়ানার দুই পা-ই আহত হয়েছে, তবে হুয়ান ডেভিডের শুধু সামান্য চোট লেগেছে।

ডায়ানার স্বামী গেরসন তখন বাড়ির সামনে গাড়ি পার্ক করছিলেন। ভূমিকম্প শুরু হতেই তিনি একটা বেড়া টপকে নিরাপদ জায়গায় চলে যান। ভবনের দশা দেখে তিনি সবাইকে হারিয়ে ফেলার আশঙ্কা করেছিলেন। স্ত্রী-সন্তানকে জীবিত ফিরে পাওয়াটা তাঁর কাছে ছিল অলৌকিক।এই ঘটনা ভয়াবহ বিপর্যয়ের মাঝেও মানুষের অদম্য ইচ্ছাশক্তির এক উজ্জ্বল উদাহরণ হয়ে রইল।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।