২৪ঘণ্টা অনলাইন : বলিউড পেরিয়ে হলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবার নতুন এক আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন। এই সিনেমায় তাঁর সহশিল্পী হিসেবে থাকছেন অস্কারজয়ী হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজেই খবরটি নিশ্চিত করেছেন। তবে সিনেমাটির নাম, গল্প কিংবা নিজের চরিত্র সম্পর্কে এখনই কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। তবু অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে তাঁর অভিনয়ের খবর প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।গত এক দশকে হলিউডে ধারাবাহিকভাবে নিজের অবস্থান শক্ত করেছেন প্রিয়াঙ্কা।
‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’ ও ‘দ্য ব্লাফ’-এর মতো চলচ্চিত্রের পাশাপাশি ‘কোয়ান্টিকো’ এবং ‘সিটাডেল’-এর মতো জনপ্রিয় সিরিজেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
এদিকে বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন পরিচালক এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত নতুন সিনেমার শুটিংয়ে। অস্থায়ীভাবে ‘বারাণসী’ নামে পরিচিত এই ছবিতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন।
বর্তমানে হায়দরাবাদে ছবিটির শুটিং চলছে।শুটিং সেটের পরিবেশকে ‘আনন্দময়’ উল্লেখ করে প্রিয়াঙ্কা জানান, কাজের ব্যস্ততার পাশাপাশি পুরো ইউনিট একসঙ্গে সময়ও উপভোগ করছে।রাজামৌলির সিনেমার পাশাপাশি প্রিয়াঙ্কার হাতে রয়েছে আরও কয়েকটি আন্তর্জাতিক প্রজেক্ট। এর মধ্যে রয়েছে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে একটি যৌথ প্রযোজনার সিনেমা এবং নির্মাতা মীরা নায়ারের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘আমরি’।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।