২৪ঘণ্টা অনলাইন: বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বকে সামনে রেখে নতুন ফুটবল অ্যান্থেম নিয়ে এসেছেন দেশের জনপ্রিয় সংগীত প্রযোজক ও সুরকার ফুয়াদ আলমুক্তাদির। ‘কান্ডারি চল’ শিরোনামের এই গানটি ফুটবলপ্রেমীদের আবেগ ও উন্মাদনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে।
‘ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস’-এর প্রযোজনায় নির্মিত গানটি কোনো নির্দিষ্ট দেশ বা দলের জন্য নয়, বরং ফুটবল ভালোবাসা প্রতিটি মানুষের জন্য উৎসর্গ করা হয়েছে। গানের মূল বার্তা—“ফুটবলই জীবন”।
আধুনিক আন্তর্জাতিক সাউন্ডের সঙ্গে দেশীয় আবহের মিশেলে তৈরি হয়েছে গানটি। এতে ব্রাজিলিয়ান ‘বাইলে ফাঙ্ক’-এর প্রভাব থাকলেও ঐতিহ্যবাহী দোতারার সুর যুক্ত করেছেন আনন্দ শিকদার, যা গানটিকে দিয়েছে ভিন্নমাত্রা।
গানটিতে কণ্ঠ দিয়েছেন মিলা, পান্থ কানাই, বাম্মি ও সানজানা। পাশাপাশি নাইজেরিয়ান শিল্পী ওলি বয় এবং দেশীয় হিপহপ শিল্পী ব্ল্যাক জ্যাংও অংশ নিয়েছেন। গানটির কথা যৌথভাবে লিখেছেন টাইগার চৌধুরী, মাহবুব মোরশেদ (শিহাব), ওলি বয় ও ব্ল্যাক জ্যাং।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মিরাজ হোসেন। প্রযোজনায় রয়েছে রানআউট ফিল্মস। ভিডিওটি উপস্থাপন করেছে ‘বে’ এবং তাদের অ্যাথলেটিক ব্র্যান্ড ‘স্ট্রাইকার’। সহযোগিতায় ছিল লাল তীর, জিপ বাংলাদেশ ও ভল্ট স্টুডিওস।
নির্মাতাদের মতে, বাংলাদেশে ফুটবল শুধু খেলা নয়, এটি পাড়া-মহল্লার আবেগ, আড্ডা ও প্রজন্মের ভালোবাসার প্রতিচ্ছবি। বিশ্ব যখন নকআউট পর্বের উত্তেজনায় ব্যস্ত, তখন ‘কান্ডারি চল’ গানটি সেই আবেগকেই বিশ্বমঞ্চে তুলে ধরার একটি প্রচেষ্টা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।