২৪ঘণ্টা অনলাইন : ১৯৪৬ সালের ৯ মে থেকে ২ জুন-মাত্র ২৭ দিনের জন্য তিনি ইতালির রানি ছিলেন। এ জন্য ইতিহাস তাকে মনে রেখেছে ‘মে কুইন’ হিসেবে। তিনি মারিয়া হোসে। বেলজিয়ামের রাজা প্রথম আলবার্টের কন্যা এবং ইতালির যুবরাজ দ্বিতীয় উমবের্তোর স্ত্রী।
সেই মারিয়ার গল্প এবার আসছে সিনেমার পর্দায়। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিতব্য ছবিটির নাম ‘মেইস্তা’। বানাবেন জিনেভ্রা এল্কান। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখবেন ইতালির খ্যাতিমান নির্মাতা মার্কো বেলোচিও। খবর ভ্যারাইটির।
রাজতন্ত্র থাকাকালীন ১৯৪৬-এর ৯ জুন উমবের্তোকে মসনদে বসায় তার পরিবার। সেই সুবাদে রানির মর্যাদা পান মারিয়া। কিন্তু মাত্র ২৭ দিন পরই অনুষ্ঠিত গণভোটে ইতালির জনগণ রাজতন্ত্র বিলুপ্তির পক্ষে ভোট দেয়। বাধ্য হয়ে দেশ ছাড়ে রাজপরিবার। ওই প্রেক্ষাপটের সঙ্গে ইতালির ফ্যাসিবাদী অধ্যায়ের নানা দিকও উঠে আসবে ছবিতে।
জানা যায়, মারিয়া হোসে ছিলেন শিক্ষিত, আধুনিক ও ফ্যাসিবাদবিরোধী চিন্তার মানুষ। তিনি বুঝতে পেরেছিলেন যে, যুদ্ধের পর ইতালিতে রাজতন্ত্রের ভবিষ্যৎ অনিশ্চিত। তাই তার অবস্থান ছিল সাধারণ মানুষের সমর্থনে।
পরিচালক জিনেভ্রা এলকান বলেন, ‘ছবিটি ১৯৪৬ সালের সেই গুরুত্বপূর্ণ কয়েক সপ্তাহের ঘটনা তুলে ধরবে, যখন মারিয়া হোসে একদিকে রানির দায়িত্ব গ্রহণ করেছিলেন, অন্যদিকে নিজের চোখে একটি যুগের অবসানও দেখেছিলেন।’ছবিটিতে কারা অভিনয় করবেন, সে বিষয়ে এখনো কিছু জানাননি নির্মাতা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।