২৪ঘণ্টা অনলাইন : রজনীকান্ত অভিনীত ‘জেলার’ সিনেমার জনপ্রিয় গান ‘কাভালা’ নিয়ে এবার নিজের অনুভূতির কথা জানালেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। ভাইরাল এই গানটি নিয়ে তিনি জানান, পারফরম্যান্স নিয়ে তিনি পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না। এটি আরও ভালো করা সম্ভব ছিল। সম্প্রতি কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খানের ইউটিউব ভ্লগে অংশ নিয়ে বিভিন্ন কাজের অভিজ্ঞতা শেয়ার করেন তামান্না। সেখানেই ‘কাভালা’ গানটি নিয়ে নিজের অনুশোচনার কথা জানান তিনি।
তামান্না বলেন, ‘কাভালা শুট করার সময় আমি কিছুটা অসন্তুষ্ট ছিলাম। আমার মনে হয়েছিল, আমি আরও ভালো করতে পারতাম।’এ প্রসঙ্গে ফারাহ খান মন্তব্য করেন, ‘তুমি তো এমনই- সবসময় মনে হয়, আরও ভালো করা যেত।’ ‘আজ কি রাত’-এর জন্য ১৫ দিন ধরে অনুশীলন করেছিলেন উল্লেখ করে তিনি বলেন,‘আমি একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী নই, তাই প্রতিটি পারফরম্যান্সের জন্য অতিরিক্ত প্রস্তুতির প্রয়োজন হয়।’
‘কাভালা’ গানটি সুর করেছেন অনিরুদ্ধ রবিচন্দর, গীত রচনা করেছেন অরুণরাজা কামারাজ। গানটি গেয়েছেন শিল্পা রাও। মুক্তির পর থেকেই গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সূত্র: এনডিটিভি
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।