শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মিঠুন চক্রবর্তীর জন্মদিনে দেবশ্রীর কলাম

প্রকাশিত - ১৬ জুন, ২০২৬   ০৬:১৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মিঠুন চক্রবর্তীর সঙ্গে আলাপ আমার ১৩ বছর বয়সে। তখন আমি বাচ্চা মেয়ে আর মিঠুনদা ‘মৃগয়া’ করে ফেলেছেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত একজন অভিনেতা। তবে স্টুডিয়োপাড়ায় যাতায়াত থাকার কারণে তত দিনে জেনে গিয়েছিলাম মিঠুন চক্রবর্তী কে? ‘নদী থেকে সাগরে’ বলে একটি ছবিতে মিঠুনের বিপরীতে আমাকে কাস্ট করা হল। সেই ছবির সেটে আলাপ। সত্যি বলতে, আমি একটু উত্তেজিত ছিলাম। কারণ মিঠুনদার মতো অমন সুপুরুষ, সুন্দর চেহারার এক নায়ক আমার বিপরীতে! বেশ উত্তেজনা ছিল। আমরা দু’জন ছাড়াও ছিলেন সন্ধ্যা রায় ও সৌমিত্র চট্টোপাধ্যায়। এটা কিন্তু বলা যেতেই পারে, মিঠুনদার প্রথম বাংলা ছবি কিন্তু আমার সঙ্গে। এই ছবির সেটে ফ্রক পরে যেতাম। সিনেমায় প্রেমের একটা দৃশ্যে আমাকে শাড়ি পরানো হয়। অভ্যাস তো ছিল না শাড়ি পরার, শটের মাঝেই হঠাৎ শাড়িটা গেল খুলে। তখন আমার মায়ের উদ্দেশে মিঠুনদার চিৎকার, ‘‘মাসিমা, শিগগির এসো! তোমার মেয়েকে দেখ‌ো, শাড়ি খুলে দাঁড়িয়ে আছে।’’ সেই থেকে মিঠুনদার সঙ্গে সম্পর্ক। শুধু ওঁর সঙ্গে নয়, গোটা পরিবারের সঙ্গে সম্পর্ক ছিল। এই হচ্ছে মিঠুনদা। সর্বক্ষণ দুষ্টুমি।

মিঠুনদার সঙ্গে যে ক’টা ছবি করেছিলাম সবই হিট। উনি সেটে থাকা মানেই আর কাউকে কিছু চিন্তা করতে হবে না। সবাইকে মাতিয়ে রাখেন। হুল্লোড়ে মানুষ, আবার যেমন দুষ্টু তেমনই বুদ্ধি। অসম্ভব মেধাবী অভিনেতা। ওঁর সঙ্গে আমার সারাক্ষণ ঝগড়া হত। সারা ক্ষণ যা খুশি তা-ই বলতাম। সে সব আর এখানে বললাম না। ভীষণ পিছনে লাগত, আমাকে রাগাতে ভালবাসতেন। আমি রেগে গেলেই ওঁর উপরে যে ভাবে অগ্নিবর্ষণ করতাম, সেটায় খুব মজা পেতেন।

মিঠুনদার দুষ্টুমির চোটে কিন্তু এক বার আমি মরতে বসেছিলাম। রামোজি ফিল্ম সিটিতে ‘এমএলএ ফাটাকেষ্ট’ ছবির শুটিং হচ্ছে। সেই সময়ে আমার গায়ে সাপ ছেড়ে দেন। কী সাংঘাতিক লোক! আসল সাপ নয় ওটা। কিন্তু কোথা থেকে যেন সেই ‘সাপ’ কিনে এনে আমার কাঁধে রেখে দিয়েছিলেন। আচমকা সেটা দেখেই আমার তো অবস্থা খারাপ! হৃৎস্পন্দন প্রায় বন্ধ হওয়ার জোগাড়! তার পর সারা রামোজি ফিল্ম সিটি আমার চিৎকার শুনেছে। আমিও তো কম নই! মিঠুনদাকে এমন এমন সব কথা শুনিয়েছি। কিন্তু উনি সে সব কখনও গায়ে মাখেননি। শুধু আমি না, পদ্মিনী কোল্‌হাপুরেও নাকি এমন করেছিলেন! তাঁরও অবস্থা এমনই হয়েছিল। রামোজি ফিল্ম সিটির ঘটনার পরে আমার দিদি কৃষ্ণাকে (রানি মুখোপাধ্যায়ের মা) মিঠুনদা রসিয়ে রসিয়ে বলেছিলেন, ‘‘তোর বোনকে যা রাগিয়েছি না!’’

মিঠুনদা যখন মুম্বই থেকে আসতেন, বিমানবন্দর থেকে সোজা চলে আসতেন আমাদের বাড়ি। একসঙ্গে খাওয়া-দাওয়া করতেন। কত আড্ডা হত। মিঠুনদার তিন বোন। তাঁদের সঙ্গেও খুব ভাব ছিল আমার। আমাদের সম্পর্কটা এতটাই পারিবারিক ছিল যে, আমরা একই গুরুর কাছ থেকে দীক্ষা নিই। আমরা সেই অর্থে ‘গুরুভাই’। আসলে আমাদের স্নেহের সম্পর্ক। এই তো, ‘শাস্ত্রী’ ছবির সময় আমি ইলিশ মাছ, পাবদা মাছ রেঁধে নিয়ে গিয়েছিলাম ওঁর জন্য। মিঠুনদা নিজেও দারুণ রান্না করতে পারেন। যদিও মাংস রাঁধতেন বেশির ভাগ সময়। সেটা আমি খাই না, তাই চেখে দেখা হয়নি।

আমি মানুষটার উপর রাগ দেখাতে পারি। তাঁকে বকতে পারি, আমার সেই জায়গা আছে। ‘শাস্ত্রী’ ছবির সময় উনি অসুস্থ হতেই হাসপাতালে যাই। ছেলে মিমো মুম্বই থেকে আসে। যদিও ছেলের কোনও কথা কানে তোলেন না। আমি ধমক দিয়ে বলেছিলাম, এই সময়ে যেন হোটেলে না থাকেন। কথা শুনেছিলেন। মিমো বলেছিল, ‘‘আমাদের কথা তো শোনে না, আপনি বলুন।’’ যা-ই হোক, আমার কথা ফেলতে পারেননি। যদিও বাবা হিসাবে মিঠুনদা দারুণ। ওঁর ছেলেমেয়েরা ‘মিঠুন’ বলেই সম্বোধন করে। আসলে মানুষটার তো সত্যিই বয়স বাড়ে না। উনি চিরযুবক।

তবে একটা কথা খালি মনে হয়, যে কষ্ট করে মানুষটা মুম্বই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করেছেন সেটা মুখের কথা নয়। মুম্বই ইন্ডাস্ট্রিতে পয়লা নম্বর নায়ক, তাও আবার বাঙালি। কম বড় কথা নয়। শুধু কি মুম্বই? ওঁর পরিচিতি আন্তর্জাতিক স্তরে। একটা সময় মিঠুনদার মা একটা বছর মৌনব্রত নিয়েছিলেন ছেলের জন্য। ছেলে প্রতিষ্ঠিত না হওয়া অবধি সেই ব্রত ভাঙেননি।

কিন্তু এমন একটা মানুষকেই যখন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ব্রাত্য রাখা হয়, তখন আহত হই, প্রতিবাদ করি। এতগুলো বছর ধরে মুম্বই থেকে ঝাঁকে ঝাঁকে তারকা আসতেন ওই উৎসবে। কিন্তু মিঠুন চক্রবর্তীকে কেন ডাকা হত না? উনি যে দলেই থাকুন না কেন, আখেরে তো বাংলার ছেলে! উনি আমাদের রাজ্যকে প্রতিনিধিত্ব করেছেন। এর প্রতিবাদ করায় কটূক্তি সহ্য করতে হয়েছে আমাকে। আমাদের সময় আর কোন অভিনেতা ছিলেন যিনি মুম্বই গিয়ে এমন সাফল্য পেয়েছেন? কিন্তু তাও তিনি চলচ্চিত্র উৎসবে ছিলেন ব্রাত্য। রাজ্য সরকার সম্মান দেয়নি। কিন্তু বাংলার বাইরে ‘পদ্মভূষণ’ থেকে ‘দাদাসাহেব ফালকে’— সবই পেয়েছেন। যদিও মিঠুনদাকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বলতেন, ‘‘ছাড় তো! এ সব ছোটখাটো বিষয় মাথায় নিস না।’’

উনি মানুষটাই এ রকম প্রাণশক্তিতে ভরপুর। তাই আমি চাই না, ওঁর চারিত্রিক বৈশিষ্ট্যের এতটুকু বদল ঘটুক। উনি যেমন মানুষ, তেমনই থাকুন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।