২৪ঘণ্টা অনলাইন : মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, গতকাল রোববার ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তিটি ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়েছে। এর অর্থ হলো চুক্তির শর্তগুলো এখন কার্যকর এবং ইরান কোনো নতুন আর্থিক সুবিধা বা ছাড় পাচ্ছে না। খবর সিএনএনের।
সোমবার (১৫ জুন) এবিসির ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে ভ্যান্স বলেন, “আমরা গতকালই ডিজিটালভাবে চুক্তিটি স্বাক্ষর করেছি এবং কোনো অর্থ ছাড় করা হয়নি। আর এর কোনো পরিবর্তনও হবে না।”
চুক্তিটি চূড়ান্ত হওয়ার আগে ইলেকট্রনিকভাবে স্বাক্ষরের বিষয়টি আলোচনায় এলেও, এটি স্পষ্ট ছিল না যে, এমন কোনো ঘটনা সত্যিই ঘটেছে। জে ডি ভ্যান্স আরো জানিয়েছেন, এই সপ্তাহের মধ্যেই চুক্তির মূল পাঠ্য বা অনুলিপি প্রকাশ করা হবে।
এদিকে, ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া জি-৭ শীর্ষ সম্মেলন শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইউরোপে পৌঁছেছেন। গতকাল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান শত্রুতা অবসানের লক্ষ্যে একটি চুক্তিতে পৌঁছেছে-তার দেওয়া এমন ঘোষণার পরই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স জানান, ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হলো আগামী কয়েক দিনের মধ্যে ইরানের সঙ্গে হওয়া চুক্তির হুবহু পাঠ্য বা মূল অনুলিপি প্রকাশ করা। তিনি আরো বলেন, “হরমুজ প্রণালি স্থায়ীভাবে শুল্কমুক্ত (টোল-মুক্ত) রাখার বিষয়টি চলমান ‘ট্যাকনিকেল’ আলোচনায় স্থান পাবে। এর মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, বিষয়টি এখনো পুরোপুরি মীমাংসা হয়নি।”
অন্যদিকে, জলপথটি খুলে দেওয়ার পর সেখানে দেওয়া সামুদ্রিক পরিষেবাগুলোর জন্য ‘ফি’ আদায়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি উল্লেখ করেন, ইরান কোনো ‘ট্রানজিট টোল’ বা যাতায়াত শুল্ক আদায় করতে চাচ্ছে না।
এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দাবি করেছেন, হরমুজ প্রণালি থেকে অবাধে জাহাজ চলাচল শুরু হয়েছে। যদিও এর আগে তিনি বলেছিলেন প্রণালিটি আগামী শুক্রবার পুনরায় খুলে দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।