শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

শৈশবের গ্রাম্য আবেগে ভাসছেন রশ্মিকা

প্রকাশিত - ১৪ জুন, ২০২৬   ০৮:০২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ফেব্রুয়ারি মাসে বিয়ে করেছেন বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। বিয়ের পরেই তারকাদম্পতি বিশেষ ঘোষণা করেছিলেন। জানিয়েছিলেন, তেলঙ্গানায় নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের স্কলারশিপের ব্যবস্থা করবেন। কথা রাখলেন তাঁরা। ১৮০ জন পড়ুয়াকে স্কলারশিপ দিলেন।

বিয়ের পরেই তেলঙ্গানার শিক্ষার উন্নতির জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজয় ও রশ্মিকা। রবিবার তেলঙ্গানার থুম্মানপেট গ্রামে রশ্মিকাকে নিয়ে যান বিজয়। সেখানেই দক্ষিণী তারকা জানান, ভাল ফল করেছে যে পড়ুয়ারা, তাদের স্কলারশিপ দেওয়া তাঁর বহু দিনের স্বপ্ন। কর্মজীবনে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ ভালবাসা পেয়েছেন। সেটাই ফিরিয়ে দিতে চান বলে জানান অভিনেতা।

বিজয় তাঁর সমাজমাধ্যমে স্কলারশিপ পাওয়া পড়ুয়াদের তালিকা প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি লেখেন, “আমরা থুম্মানপেটের দিকে যাচ্ছি। এই ছোট গ্রামেই আমার বাবার জন্ম। ফেব্রুয়ারিতে আমি এবং রশ্মিকা আমাদের এই ছোট স্বপ্নের কথা জানিয়েছিলাম। নবম ও দশম শ্রেণির পরিশ্রমী পড়ুয়াদের উৎসাহ দেওয়ার জন্যই এমন ভাবা হয়েছিল। এই ১৮০ জন শিশু নিজেদের বাবা-মাকে গর্বিত করেছে।”

অনুষ্ঠানে পড়ুয়া ও তাঁদের পরিবারের সঙ্গেও কথা বলেন বিজয়। তিনি বলেন, “এই ছোট স্কলারশিপ হয়তো খুব বড় কিছু নয়। কিন্তু আমাদের কাছে এটি খুব গুরুত্বপূর্ণ। আমিও তোমাদের জীবনের অংশ হতে চাই। আমার গ্রামের পর এই উদ্যোগটা গোটা তেলঙ্গানায় নিয়ে যেতে চাই। এটি আমার স্বপ্ন। আমি তোমাদের পরিশ্রম, শৃঙ্খলা এবং মনোযোগকে সম্মান জানাতে চেয়েছি মাত্র।”

রশ্মিকাও পড়ুয়াদের অভিনন্দন জানান এবং বলেন, “আজ আমি বেশি কথা বলব না। তবে আজ ‘দ্য দেবরকোন্ডা ফাউন্ডেশন’-এর মাধ্যমে আমরা একটি ভাল কাজ শুরু করছি। আমরা ঠিকই করেছিলাম, এই উদ্যোগ আচমপেট এবং থুম্মানপেট থেকে শুরু করব। কারণ, এটি আমার শ্বশুরমশাইয়ের গ্রাম। আজ আমি আপনাদের সামনে রশ্মিকা মন্দানা দেবরকোন্ডা হিসাবে কথা বলছি।”

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিজয় ও রশ্মিকা থুম্মানপেট গ্রামে তাঁদের নতুন বাড়ির গৃহপ্রবেশ এবং সত্যনারায়ণ পুজো করতে গিয়েছিলেন। সেই সময়েই তাঁরা এই উদ্যোগের কথা জানিয়েছিলেন। এই প্রকল্পের লক্ষ্য হল, গুরুত্বপূর্ণ সময়ে পড়ুয়াদের পড়াশোনা চালিয়ে যেতে আর্থিক সাহায্য করা। উল্লেখ্য, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি চার হাত এক করেছিলেন বিজয় ও রশ্মিকা। ঘনিষ্ঠ পরিজনকে নিয়ে উদয়পুরে বসেছিল বিয়ের আসর। হায়দরাবাদে ফিরে তাঁরা আয়োজন করেছিলেন প্রীতিভোজের।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।