২৪ঘণ্টা অনলাইন : ২০১২ সালে মুক্তি পায় হোমি আদাজানিয়ার ‘ককটেল’। রোম্যান্টিক-কমেডি ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল। দর্শকের মনেও দাগ কেটে আছে এর গল্প-নির্মাণ। দীর্ঘ ১৪ বছর পর এ মাসেই মুক্তি পেতে যাচ্ছে এর সিক্যুয়েল ‘ককটেল ২’। এরই মধ্যে গান ও ট্রেলারে দর্শকের মনে আগ্রহ তৈরি করেছে ছবিটি।
এদিকে বলিউড হাঙ্গামা তুলে এনেছে হাঁড়ির খবর। জানিয়েছে, ১৫০ কোটি রুপিতে নির্মিত হয়েছে ‘ককটেল ২’। এর মধ্যে অভিনয়শিল্পীরা কে কত পেলেন? ঘনিষ্ঠ সূত্রের দাবি, ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য ২১ কোটি রুপি নিয়েছেন শহিদ কাপুর। অন্যদিকে নায়িকা কৃতি স্যানন পেয়েছেন ৮ কোটি ও রাশমিকা মানদানার একাউন্টে গেছে ৬ কোটি রুপি। অর্থাৎ দুই নায়িকার সমন্বিত পারিশ্রমিকের চেয়েও নায়কের পারিশ্রমিক বেশি।
এটাই তিন তারকার ক্যারিয়ারে সর্বোচ্চ পারিশ্রমিক। এর আগে প্রেক্ষাগৃহের কোনো ছবির জন্য তারা এত টাকা পারিশ্রমিক পাননি। তবে ওটিটিতে ‘ফারজি’র জন্য এর চেয়ে অনেক বেশি অর্থ পেয়েছিলেন শহিদ।
‘ককটেল ২’র ১৫০ কোটি বাজেটের মধ্যে প্রধান শিল্পীদের পারিশ্রমিকে গেছে ৩৫ কোটি রুপি। ২০ কোটি রুপি ব্যয় হচ্ছে প্রচার ও বিপণনে। আর বাকি ৯৫ কোটি ব্যয় হয়েছে ছবির নির্মাণ ও বাকি শিল্পীদের পারিশ্রমিকে।আধুনিক যুগের সম্পর্ক, বন্ধুত্ব নিয়ে নির্মিত হয়েছে ‘ককটেল ২’। ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।