২৪ঘণ্টা অনলাইন : একটি রাত, কিছু অচেনা মানুষ আর অতীতের খোঁজ—এমন গল্প নিয়েই আসছে নতুন সিনেমা ‘নেভার মাইন্ড’। প্রচারঝলক প্রকাশের সঙ্গে রহস্যময় বার্তায় ভক্তদের কৌতূহল আরো বাড়িয়ে দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলো ‘নেভার মাইন্ড’ সিনেমার প্রথম প্রচারঝলক। আর সেই সঙ্গে আলোচনায় উঠে এসেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
সামাজিক মাধ্যমে সিনেমার পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, ‘কিছু রাত আসে নিঃশব্দে, আর বদলে দিয়ে যায় সবকিছু। তেমনই এক রাতের গল্প নিয়ে আসছে নেভার মাইন্ড।’ তার এই বার্তাই নতুন করে কৌতূহল তৈরি করেছে দর্শকদের মধ্যে।ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল পরিচালক চৈতি ঘোষালের প্রথম সিনেমায় বিশেষ একটি চরিত্রে দেখা যেতে পারে ঋতুপর্ণাকে। প্রচারঝলক প্রকাশের মধ্য দিয়ে সেই গুঞ্জনই সত্যি হলো।
সিনেমাটির আরেকটি বড় আকর্ষণ চৈতি ঘোষালের ছেলে অমর্ত্য রায়। যদিও অভিনয়ে তিনি নতুন নন, তবে এবারই প্রথম মায়ের পরিচালনায় কাজ করেছেন। এই নতুন যাত্রায় তার অন্যতম সহশিল্পী হয়েছেন ঋতুপর্ণা।
‘নেভার মাইন্ড’-এর গল্প আবর্তিত হয়েছে এক নারীকে ঘিরে, যিনি নিজের অতীতের একটি অধ্যায়ের খোঁজে পৌঁছে যান কলকাতার বিখ্যাত পার্ক স্ট্রিটের একটি বারে। সেখানে পরিচয় হয় এক তরুণ বার-সংগীতশিল্পীর সঙ্গে। এরপর ভিন্ন জীবনবোধ ও পেশার কয়েকজন মানুষের গল্প এক সুতোয় গাঁথা হয়।
নির্মাতাদের দাবি, কলকাতার পরিচিত পার্ক স্ট্রিটকে এ সিনেমায় সম্পূর্ণ নতুন আঙ্গিকে তুলে ধরা হবে। একইসঙ্গে থাকবে একটি মানবিক বার্তাও।সিনেমাটির গল্প লিখেছেন সম্রাট। চিত্রনাট্যে তার সঙ্গে কাজ করেছেন মিতালি ঘোষাল রুদ্র। চিত্রগ্রহণ করেছেন গোপী ভগৎ। আর গান ও আবহসংগীতের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় রকশিল্পী রূপম ইসলাম।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।