শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

হরিণ হত্যার দৃশ্যে বিপাকে সালমান

প্রকাশিত - ০২ জুন, ২০২৬   ০৮:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে কৃষ্ণসার হরিণ হত্যা মামলা নিয়ে নির্মিত বলিউড সিনেমা ‘কালা হিরাণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’। বলিউড সুপারস্টার সালমান খানের জীবনের অন্যতম আলোচিত এই ঘটনা নিয়ে সিনেমাটি তৈরি করায় এর পরিচালক ও প্রযোজককে আইনি নোটিশ পাঠিয়েছেন সালমানের আইনজীবী।  

নোটিশে সিনেমাটির মুক্তি আপাতত স্থগিত রাখা এবং সামাজিক মাধ্যম থেকে এর প্রচারণামূলক সব কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিছুদিন আগেই প্রকাশ করা হয়েছিল আসন্ন এই সিনেমাটির পোস্টার।

বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সালমান খানের আইনজীবীর পাঠানো এই নোটিশটি মূলত ছবির কাস্টিং ডিরেক্টর অক্ষয় পাণ্ডেকে উদ্দেশ্য করে পাঠানো হয়। তাতে দাবি করা হয়, সালমান খান তার নাম, ব্যক্তিত্ব বা তার জীবনসংশ্লিষ্ট কোনো ঘটনা সিনেমাটিতে ব্যবহারের অনুমতি বা সম্মতি দেননি। নির্মাতারা অভিনেতার খ্যাতি ও সুনাম ব্যবহার করে বাণিজ্যিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। 

একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত লিখিত ক্ষমাপ্রার্থনা না করলে নির্মাতাদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়েরের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। 

তবে এই নোটিশের জবাবে সিনেমার প্রযোজক অমিত জানি সামাজিক মাধ্যমে লিখেছেন, সালমানের এই নোটিশের উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো। কিন্তু তিনি এতে দমে যাবেন না। এই বিষয়ে সালমান খান বা তার আইনজীবীদের পক্ষ থেকে এখন পর্যন্ত নতুন কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

প্রসঙ্গত, দুই দশক আগে রাজস্থানের কোঙ্কানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে সালমান খানের বিরুদ্ধে। ২০১৮ সালে এই মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হয়ে দুদিন জেলেও থাকতে হয়েছিল এই অভিনেতাকে। পরে জামিনে মুক্তি পেলেও মামলাটি এখনো রাজস্থান হাইকোর্টে বিচারাধীন রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।