শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্ন্যাশয় ক্যানসারে চিকিৎসার নতুন দিগন্ত

প্রকাশিত - ০২ জুন, ২০২৬   ১১:৩১ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: অগ্ন্যাশয় ক্যানসারের চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে ডারাক্সোনরাসিব নামের একটি পরীক্ষামূলক ওষুধ। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, উন্নত পর্যায়ের অগ্ন্যাশয় ক্যানসারে আক্রান্ত রোগীদের বেঁচে থাকার সময় উল্লেখযোগ্যভাবে বাড়াতে সক্ষম এই ওষুধ।

যুক্তরাষ্ট্রের শিকাগোতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক ক্যানসার সম্মেলনে গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। সেখানে বিশেষজ্ঞরা একে অগ্ন্যাশয় ক্যানসার চিকিৎসায় সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন।

অগ্ন্যাশয় ক্যানসারকে সবচেয়ে জটিল ও প্রাণঘাতী ক্যানসারগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। অধিকাংশ ক্ষেত্রে রোগটি দেরিতে ধরা পড়ায় চিকিৎসার সুযোগ সীমিত হয়ে যায় এবং ক্যানসার দ্রুত শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।

গবেষণায় প্রায় ৫০০ রোগীর ওপর ডারাক্সোনরাসিবের কার্যকারিতা পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, যেসব রোগীর ক্যানসার শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল, তারা গড়ে ১৩ মাসেরও বেশি সময় বেঁচে ছিলেন। তুলনায় প্রচলিত কেমোথেরাপি গ্রহণকারী রোগীদের গড় বেঁচে থাকার সময় ছিল প্রায় ছয় মাস।

গবেষকরা জানিয়েছেন, ওষুধটির একটি বড় সুবিধা হলো এর পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলকভাবে কম। ফলে রোগীরা চিকিৎসার সময়ও অপেক্ষাকৃত স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।

ডারাক্সোনরাসিব মূলত ‘ক্রাস’ নামের একটি প্রোটিনকে লক্ষ্য করে কাজ করে। অগ্ন্যাশয় ক্যানসারের অধিকাংশ ক্ষেত্রে এই জিনের পরিবর্তন বা মিউটেশন ক্যানসার কোষের দ্রুত বৃদ্ধি ও বিস্তারে ভূমিকা রাখে। নতুন ওষুধটি সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে রোগের অগ্রগতি ধীর করতে সাহায্য করে।

গবেষকদের মতে, ক্রাস জিনের বিভিন্ন ধরনের মিউটেশনের ক্ষেত্রেও ডারাক্সোনরাসিব কার্যকর হতে পারে। ফলে এটি ভবিষ্যতে অগ্ন্যাশয় ক্যানসারের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

যুক্তরাজ্যভিত্তিক প্যানক্রিয়াটিক ক্যানসার অ্যাকশনের প্রধান নির্বাহী পলা হ্যানফোর্ড বলেন, অগ্ন্যাশয় ক্যানসারের চিকিৎসায় এটি তার দেখা সবচেয়ে আশাব্যঞ্জক অগ্রগতিগুলোর একটি। দীর্ঘদিন ধরে সীমিত চিকিৎসা-সুবিধার মধ্যে থাকা রোগীদের জন্য এ গবেষণা নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে।

প্যানক্রিয়াটিক ক্যানসার ইউকের গবেষণা ও উদ্ভাবন বিভাগের পরিচালক অ্যানা জুয়েলও একই ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন। তার মতে, এই ওষুধ রোগীদের জীবনে মূল্যবান অতিরিক্ত সময় যোগ করতে পারে এবং পরিবার-পরিজনের সঙ্গে আরও কিছু সময় কাটানোর সুযোগ এনে দিতে পারে।

বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, ‘ক্রাস’ জিন শুধু অগ্ন্যাশয় ক্যানসার নয়, ফুসফুস, কোলনসহ আরও বিভিন্ন ধরনের ক্যানসারের সঙ্গেও জড়িত। ফলে ডারাক্সোনরাসিব নিয়ে পাওয়া ইতিবাচক ফলাফল ভবিষ্যতে অন্যান্য ক্যানসারের চিকিৎসায়ও নতুন সম্ভাবনার পথ তৈরি করতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।