শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধ থামাতে চান ট্রাম্প, অনড় ইরান

প্রকাশিত - ০২ জুন, ২০২৬   ১০:০৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: গত ৮ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই নতুন করে যুদ্ধে জড়াতে অনাগ্রহের ইঙ্গিত দিয়েছে। সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলেও পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় শুরু হওয়া শান্তি আলোচনা এখনো ভেঙে পড়েনি। তবে পারস্য উপসাগরীয় অঞ্চলে পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং যে কোনো সময় বড় ধরনের সংঘাতের ঝুঁকি রয়েছে।

মার্কিন প্রশাসন ইরানকে চাপের মুখে রাখতে বিমান ও নৌবাহিনীকে আঘাত হানার উপযোগী অবস্থানে রেখেছে। একই সময়ে ইরানও তাদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে এবং সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলায় হওয়া ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে।

বিবিসির আন্তর্জাতিক সম্পাদক জেরেমি বোয়েনের বিশ্লেষণে বলা হয়েছে, এই সামরিক মুখোমুখি অবস্থান ভুল হিসাব বা ভুল বোঝাবুঝির মাধ্যমে দ্রুত বড় সংঘাতে রূপ নিতে পারে। তার মতে, যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি প্রদর্শনের মাধ্যমে তেহরানকে ছাড় দিতে বাধ্য করতে চায়। বিপরীতে ইরানও জানিয়ে দিচ্ছে, প্রয়োজনে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও আরব উপসাগরীয় অবকাঠামোতে আঘাত হানতে প্রস্তুত।

দীর্ঘমেয়াদি সমঝোতায় পৌঁছানোর প্রথম ধাপ হিসেবে উভয় পক্ষ বর্তমান যুদ্ধবিরতি ধরে রাখা এবং আলোচনার কাঠামো নির্ধারণে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা বিবেচনা করছে। তবে এ পর্যায়ে পৌঁছানোও কঠিন হয়ে উঠেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। বর্তমানে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে সীমিতসংখ্যক জাহাজ চলাচল করছে। প্রণালি পুনরায় চালু করতে তেহরান কয়েকটি শর্ত দিয়েছে, যার মধ্যে রয়েছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার বা অবরুদ্ধ অর্থ ফেরত দেওয়া।

হরমুজ প্রণালির বিকল্প হিসেবে সৌদি আরব লোহিত সাগরঘেঁষা বন্দর ব্যবহার করছে এবং সংযুক্ত আরব আমিরাত ওমান হয়ে পাইপলাইনের মাধ্যমে আংশিক তেল সরবরাহ বজায় রেখেছে। তবু বৈশ্বিক বাজারে তেল ও গ্যাসের সরবরাহ প্রায় ২০ শতাংশ কমে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর প্রভাব বিশ্ব অর্থনীতিতেও পড়ছে। যদিও যুক্তরাষ্ট্র সরাসরি উপসাগরীয় তেলের ওপর আগের মতো নির্ভরশীল নয়, তবুও দেশটির অভ্যন্তরীণ জ্বালানির দাম বৈশ্বিক বাজারের সঙ্গে সম্পর্কিত।

এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক চাপের মুখে পড়েছেন। বিশ্লেষকদের মতে, সংঘাতে দ্রুত ফল পাওয়ার প্রত্যাশা বাস্তবে প্রতিফলিত হয়নি। ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ধারণা করেছিলেন, বিমান হামলার মাধ্যমে তেহরানের সরকারকে দুর্বল করা সম্ভব হবে। কিন্তু ইরানের প্রতিরোধ প্রত্যাশার চেয়ে শক্তিশালী হয়েছে।

বোয়েনের মতে, বর্তমান পরিস্থিতি থেকে যুক্তরাষ্ট্রের সহজে বেরিয়ে আসার পথ সীমিত। একই সময়ে ইরানও নিজেদের অবস্থান অটুট রাখতে চায়। যুক্তরাষ্ট্রে ইরানবিরোধী যুদ্ধ জনমতেও ক্রমে অজনপ্রিয় হয়ে উঠছে, ফলে নতুন সামরিক অভিযান রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে।

এদিকে ২০১৫ সালে বারাক ওবামা প্রশাসনের সময় ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার সিদ্ধান্তের কারণে নতুন কোনো সমঝোতায় গেলে তা নিয়ে অভ্যন্তরীণ রাজনৈতিক তুলনা ও বিতর্কের আশঙ্কা রয়েছে। ট্রাম্প প্রশাসন এমন পরিস্থিতি এড়াতে চায় বলে বিশ্লেষণে বলা হয়েছে।

অন্যদিকে ইরানের নেতৃত্ব বিষয়টিকে অস্তিত্বের প্রশ্ন হিসেবে দেখছে। ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ সত্ত্বেও তেহরান তাদের অবস্থান পরিবর্তনে অনাগ্রহী।

পারস্য উপসাগরীয় দেশগুলোও এই সংঘাতের কারণে অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েছে। তাদের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ও বিনিয়োগ নির্ভর করছে আঞ্চলিক স্থিতিশীলতার ওপর। চলমান উত্তেজনা সেই স্থিতিশীলতায় প্রভাব ফেলছে।

এই প্রেক্ষাপটে পাকিস্তান ও কাতার কূটনৈতিক মধ্যস্থতা অব্যাহত রেখেছে। সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে কৌশলগত সহযোগিতা জোরদার করেছে এবং ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ সেখানে মোতায়েন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে সৌদি আরব জানিয়েছে, তারা ইরানি হামলার জবাবে পাল্টা ব্যবস্থা নিয়েছে, তবে তা মার্কিন-ইসরায়েল জোটের অংশ হিসেবে নয়।

সব মিলিয়ে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতি এখনো অস্থির। ভুল পদক্ষেপ বা কৌশলগত ভুল হিসাব বড় সংঘাতের জন্ম দিতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।