২৪ঘণ্টা অনলাইন: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে স্বামী ভিকি জৈনের সঙ্গে ভ্রমণের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। ছবিতে হিজাব পরায় নেটিজেনদের একাংশ তাকে নিয়ে ট্রোল করলেও এই প্রতিকূল সময়ে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন তার ভক্ত-অনুরাগীরা।
সম্প্রতি ইনস্টাগ্রামে আবুধাবি ভ্রমণের বেশ কিছু ছবি পোস্ট করেন অঙ্কিতা। সেখানে বেশ কয়েকটি ছবিতে তাকে হিজাব পরা অবস্থায় দেখা যায়। ছবিগুলো প্রকাশ্যে আসার পরপরই মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন নেটিজেনরা।
অনেকেই প্রশ্ন তোলেন, ‘তিনি কেন হিজাব পরেছেন?’ কিংবা ‘তিনি কি মুসলিম?’ তবে এই সমালোচনার কড়া জবাব দিয়েছেন অঙ্কিতার ভক্তরা। তাদের একাংশের মতে, দর্শনীয় স্থান হিসেবে সেখানকার মসজিদের নিয়ম মেনে চলা বাধ্যতামূলক হওয়ায় তিনি হিজাব পরেছেন। আবার অনেকে একে অঙ্কিতার ব্যক্তিগত সিদ্ধান্ত উল্লেখ করে সামাজিক মাধ্যমে ধর্মীয় নেতিবাচকতা ছড়াতে নিষেধ করেছেন।
ভারতীয় টেলিভিশন নির্মাতা একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিশতা’র মাধ্যমে অভিনয় ক্যারিয়ারে ব্যাপক পরিচিতি পান অঙ্কিতা লোখান্ডে। পরবর্তীতে বড় পর্দায় পা রেখে ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ ও ‘বাঘি ৩’-এর মতো চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।
ব্যক্তিগত জীবনে ব্যবসায়ী ভিকি জৈনের সঙ্গে ২০২১ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন অঙ্কিতা। পরবর্তীতে এই দম্পতিকে ‘স্মার্ট জোড়ি’, ‘বিগ বস ১৭’ এবং ‘লাফটার শেফস সিজন ২’-এর মতো জনপ্রিয় রিয়েলিটি শো-তে একসঙ্গে অংশ নিতে দেখা গেছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।