২৪ঘণ্টা অনলাইন: কাজী আনোয়ার হোসেনের কালজয়ী গোয়েন্দা চরিত্র নিয়ে নির্মিত বহু প্রতীক্ষিত সিনেমা ‘মাসুদ রানা’ মুক্তি পেয়েছে ঈদের দিন। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি দর্শকের মাঝে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। তবে এর মধ্যেই সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা ও হাসির খোরাক।
সিনেমার সাফল্যমণ্ডিত মুহূর্ত ও ব্যতিক্রমী একটি চিত্র তুলে ধরে প্রযোজনা প্রতিষ্ঠানের অফিসিয়াল পেজ থেকে দাবি করা হয় এমন- হলে সিট না পেয়ে দাঁড়িয়েই সিনেমা দেখছেন সিনেমার ‘মাসুদ রানা’ চরিত্রের অভিনেতা রাসেল রানা।
জাজ মাল্টিমিডিয়া তাদের সেই পোস্টে লেখে, হিরো যখন টিকেট পায় না, সব টিকেট আগেই সোল্ড আউট হয়ে যায়, তখন হিরোর নিজের সিনেমা, দাঁড়িয়ে দেখা ছাড়া উপায় থাকে না।
তবে প্রযোজনা প্রতিষ্ঠানের এমন দাবির সঙ্গে একমত হতে পারছেন না দর্শক ও নেটিজেনদের একাংশ। অনেকেই একে সস্তা পাব্লিসিটি স্টান্ট বা প্রচারণার কৌশল হিসেবে দেখছেন।
এক নেটিজেন লিখেছেন, ‘ওই যে পিছনে সিট খালি।’ শুধু তিনিই নন, সাধারণ নেটিজেনদের অনেকেই ছবির ব্যাকগ্রাউন্ডে কিছু খালি আসন চিহ্নিত করে প্রযোজনা প্রতিষ্ঠানের এই অতি-আবেগী দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বেশ রসাত্মক মন্তব্য করছেন।
অবশ্য এই বিতর্কের বাইরেও মুক্তির প্রথম দিনে দর্শক উপস্থিতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি জানান, প্রথম দিনের টিকিট বিক্রি নিয়ে তারা পুরোপুরি সন্তুষ্ট এবং পরবর্তী দিনগুলোর অগ্রিম বুকিং তাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি হচ্ছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।