শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

এটিএম বুথে ভোগান্তি যে কারণে

প্রকাশিত - ২৭ মে, ২০২৬   ১২:১২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : এবারের ঈদের ছুটিতে কিছু এটিএম বুথ থেকে টাকা পাওয়া যাচ্ছে না। আবার অনেক ব্যাংকের বুথে অন্য ব্যাংকের কার্ড দিয়ে টাকা উত্তোলন বন্ধ বা সীমিত করা হয়েছে। এ অবস্থায় গতকাল সোমবার থেকে টানা সাত দিনের বন্ধে টাকা পাওয়া নিয়ে শঙ্কা বেড়েছে।

কোরবানির পশু কেনা ও অন্যান্য খরচের কারণে কোরবানির ঈদের আগে নগদ টাকার চাহিদা বেশি থাকে। ফলে এই সময় এটিএমের ভোগান্তিতে গ্রাহকদের উৎকণ্ঠা বেড়েছে।

দুটি কারণে এটিএমে টাকার সংকট শুরু হয়েছে বলে জানিয়েছেন ডাচ্‌–বাংলা, দি সিটি, ব্র্যাক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। তাঁরা জানান, ঈদের ছুটিতে দৈনিক চাহিদা মেটাতে যে পরিমাণ টাকা চাওয়া হয়েছিল, বাংলাদেশ ব্যাংক তার পুরোটা দেয়নি। এ ছাড়া এবার নতুন গভর্নরের স্বাক্ষর করা নোট দেওয়া হয়েছে। এসব নোট মেশিনগুলোর কাছে অপরিচিত, তাই অনেক সময় মেশিনে টাকা আটকে যাচ্ছে।

এদিকে একটি ব্যাংকের প্রযুক্তি বিভাগের কর্মকর্তা জানান, সাধারণত নতুন নোটের সঙ্গে এটিএম যন্ত্র পরিচিত করাতে চার সপ্তাহ সময় লেগে যায়, কিন্তু এবার একদিনও সময় পাওয়া যায়নি। আগের নকশার ওপর শুধু নতুন গভর্নরের স্বাক্ষর থাকায় ধারণা করা হয়েছিল, সমস্যা হবে না। তবে গভর্নরের স্বাক্ষর পরিবর্তনের কারণে যন্ত্রগুলোতে সমস্যা হচ্ছে। ঈদের পর এটা ঠিক হয়ে যাবে।

জানা যায়, ডাচ্‌–বাংলা ব্যাংকের বুথগুলোয় প্রতিদিন প্রায় ১ হাজার কোটি টাকা প্রয়োজন হয়। গতকাল সিআরএম যন্ত্রে প্রায় ৫০০ কোটি টাকা জমা হয়। বাকি টাকার একটা অংশ তারা নিজেরা সংস্থান করে। বাংলাদেশ ব্যাংকের কাছে চাহিদামতো টাকা চেয়েও পাওয়া যায়নি। জানা গেছে, সব ব্যাংকেই একই অবস্থা। প্রতিবছরের মতো এবারও ঈদের বন্ধে এটিএম বুথসহ অনলাইন মাধ্যমে নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকগুলোর সব এটিএম বুথে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে সার্বক্ষণিক পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বেশির ভাগ বুথ থেকে টাকা পাওয়া যাচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।