শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

চার নাটকে ক্যাপিটালের ঈদ আয়োজন

প্রকাশিত - ২৫ মে, ২০২৬   ১১:০৮ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষে ভিন্নধর্মী নাটক নিয়ে হাজির হচ্ছে ক্যাপিটাল ড্রামা। পাশাপাশি যাত্রা শুরু করছে নতুন ইউটিউব চ্যানেল ‘ক্যাপিটাল নাটক’। ঈদের দিন থেকে দুই প্ল্যাটফর্মে প্রচার হবে একাধিক নাটক। পারিবারিক গল্প, রোমান্স ও আবেগঘন নানা গল্পে সাজানো হয়েছে এবারের আয়োজন।

বোন যখন জা

দুই ভাইয়ের সঙ্গে দুই বোনের বিয়ে হওয়ার পর শুরু হয় পারিবারিক টানাপোড়েন। দেনমোহর ও সংসারের কাজ নিয়ে দুই বোনের সম্পর্ক ধীরে ধীরে প্রতিদ্বন্দ্বিতায় রূপ নেয়।পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় দুই ভাইকে। এমন গল্পে জাকিউল ইসলাম রিপন নির্মাণ করেছেন ‘বোন যখন জা’। অনামিকা মণ্ডলের গল্প এবং আনোয়ারুল আলম সজল প্রযোজিত এ নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা, সবুজ আহমেদ ও লিজা মিতু। এটি ঈদের দিন সন্ধ্যা ৭টায় ‘ক্যাপিটাল নাটক’ ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

অচেনা আমি

প্রেম, বিচ্ছেদ ও প্রিয়জনকে ফিরে পাওয়ার আবেগঘন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘অচেনা আমি’। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে অপূর্বর সঙ্গে পর্দায় দেখা যাবে নাজনীন নাহার নিহাকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন তারিক আনাম খান। নাটকটি ঈদের দ্বিতীয় দিনে ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

তোর মায়ায়

দুই পরিবারের সম্পর্কের টানাপোড়েনের প্রভাব পড়ে প্রেমিক যুগল আহান ও আদিয়ার সম্পর্কেও। ভুল-বোঝাবুঝি ও মানসিক চাপে এক পর্যায়ে তারা ভয়াবহ সিদ্ধান্ত নেয়। এমন গল্পে নির্মিত ‘তোর মায়ায়’ দেখা যাবে ঈদের চতুর্থ দিন। রুবেল হাসান পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন জোভান ও তটিনী।

কাজল চোখের মেয়ে

২০১০ সাল ও বর্তমান সময়—দুটি ভিন্ন প্রেক্ষাপটে এগিয়েছে ‘কাজল চোখের মেয়ে’ নাটকের গল্প। প্রেম, পরিবার ও অপূর্ণ সম্পর্কের আবেগকে কেন্দ্র করেই নির্মিত এই নাটকে অভিনয় করেছেন জোভান ও তটিনী। জাকারিয়া সৌখিন পরিচালনায় এটি ঈদের ছুটির পর প্রচার হবে ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।